আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন আগামীকাল শনিবার, ১১ জুলাই অনুষ্ঠিতব্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড-২৭৫) এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলাতেই (চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দাদরবান, কক্সবাজার) এই স্থগিতাদেশ কার্যকর হবে। স্থগিত হওয়া পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে, সেই নতুন সময়সূচি পরবর্তীতে পৃথকভাবে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর পাশাপাশি, বিদ্যুৎ বিভ্রাটের কারণে পরীক্ষা কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিংয়ের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় এই সিদ্ধান্ত পৌঁছে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীরা সঠিক সময়ে বিষয়টি জানতে পারেন।
