শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

চাঁদাবাজির ভয়ে বন্ধ ছিল রেস্টুরেন্ট, পুলিশের আশ্বাসে খুলতেই গুলি!

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

খুলনা নগরীতে দাবিকৃত চাঁদা না পেয়ে একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সোনাডাঙ্গায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পালংকি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাতে সন্ত্রাসীরা ওই ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকের কাছে চাঁদা দাবি করে। পরে কর্তৃপক্ষ রেস্টুরেন্টটি বন্ধ করে দিলে প্রশাসনের আশ্বাসে আবারও তা খোলা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে খুলনার শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধানের পরিচয় দিয়ে রেস্টুরেন্টের মালিক আশিকুর রহমানের কাছে বড় অঙ্কের টাকা চাঁদা দাবি করা হয়। মালিকপক্ষ চাঁদা দিতে অপারগতা জানালে সন্ত্রাসীরা তাকে রেস্টুরেন্ট বন্ধ করে দিতে বলে।

মঙ্গলবার সকালে সোনাডাঙ্গা থানা-পুলিশ রেস্টুরেন্টটি খুলে দেয় এবং স্টাফদের ফোন করে কর্মস্থলে আসার অনুরোধ করে। বিকেলে দুর্বৃত্তরা রেস্টুরেন্টটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এতে সেখানে থাকা স্টাফদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রেস্টুরেন্টে গুলির ঘটনা শুনেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ মামলা করেনি। পুলিশ বাদী হয়ে মামলা করার প্রক্রিয়া চলছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com