প্রথম সমাচার ডেস্ক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন বিভাগ ও দপ্তরে এ অভিযান পরিচালনা করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় চার কর্মকর্তাকে ধরে প্রক্টর অফিসে নেওয়া হয় এবং বাংলা বিভাগের এক শিক্ষককে তাঁর কক্ষে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযানের সময় কয়েকজন কর্মকর্তাকে মারধর ও টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।
আটক চার কর্মকর্তার মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক জুনায়েদ শেখ। অপর কর্মকর্তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগ ও দপ্তরে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মস্থল থেকে বের করে নিয়ে আসেন। এ সময় কয়েকজনের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে তাঁদের প্রক্টর অফিসে নিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানান ছাত্রদলের নেতাকর্মীরা।
এদিকে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাহারুল আলম সেলিমের কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি পত্রিকার কাটিং দেয়ালে লাগানো রয়েছে—এমন অভিযোগ তুলে তাঁর কক্ষে যান ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে তাঁকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন তাঁরা।
ছাত্রদলের দাবি, আটক কর্মকর্তাদের মুঠোফোন পরীক্ষা করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘কয়েকজন কর্মকর্তাকে আটকের পর তাঁদের ফোন পরীক্ষা করা হয়েছে। এতে নিষিদ্ধ জবি ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে বলে আমরা মনে করছি। পরে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে হস্তান্তর করেছি।’
তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসে অবস্থান করে যারা আড়ালে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সমর্থন দিয়ে যাচ্ছেন, তাঁদের সতর্ক করছি। কোনো শিক্ষার্থী, কর্মকর্তা কিংবা শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের তথ্য পাওয়া গেলে তাঁদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হবে।’
জুলাই গণঅভ্যুত্থানের পরও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ক্যাম্পাসে অবস্থান করছেন এবং বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন বলে অভিযোগ করে আসছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির দাবি, এসব ব্যক্তিকে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর
ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল
শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্ত জানায়নি ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী