শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

জুলাইয়ের মাঝামাঝি নবম পে-স্কেলের গেজেট প্রকাশের সম্ভাবনা, দুই ধাপে বাস্তবায়নের প্রস্তুতি

প্রথম সমাচার ডেস্ক ২৯ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে জুলাইয়ের মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশ হতে পারে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রাথমিকভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে দুই বছর ও তিন বছর মেয়াদি—দুটি বিকল্প নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত দুই ধাপে বাস্তবায়নের দিকেই এগোচ্ছে সংশ্লিষ্ট কমিটি।

তিন বছর মেয়াদি পরিকল্পনায় প্রথম দুই অর্থবছরে ধাপে ধাপে মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর এবং তৃতীয় বছরে বিভিন্ন ভাতা কার্যকর করার প্রস্তাব ছিল। তবে অর্থ বিভাগ জানিয়েছে, দুই ধাপে মূল বেতন কার্যকর করলে সরকারের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম (আইবিএএস++)-এ কারিগরি জটিলতা দেখা দিতে পারে। এজন্য একবারেই পুরো মূল বেতন কার্যকর করার সুপারিশ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর অনুমোদনের ওপর নির্ভর করছে। অনুমোদন মিললে জুলাইয়ের মাঝামাঝি অথবা পরবর্তী সপ্তাহে গেজেট প্রকাশ করা হতে পারে।

পে কমিশনের সুপারিশ অনুযায়ী, বর্তমান ২০টি গ্রেডের মধ্যে ১ থেকে ১০ নম্বর গ্রেডে প্রায় ১০০ শতাংশ বা তার কাছাকাছি এবং ১১ থেকে ২০ নম্বর গ্রেডে গড়ে প্রায় ১৩০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর করার ঘোষণা দিলেও বাস্তবায়নের বিস্তারিত প্রক্রিয়া তখন উল্লেখ করেননি।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, গত ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর আওতায় রয়েছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন বরাদ্দ নেট পাবলিক সার্ভিস খাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় এ খাতে ব্যয় ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা বৃদ্ধি পেয়ে আগামী অর্থবছরে মোট বরাদ্দ দাঁড়াবে ১ লাখ ৪১ হাজার ৪৪৪ কোটি টাকা।

বাস্তবায়নের অগ্রগতির ওপর ভিত্তি করে ৪৪ হাজার কোটি টাকার এই বরাদ্দ সরকারি কর্মকর্তা-কর্মচারী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সমন্বয়ে ব্যয় করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নবম পে কমিশন মূল বেতনে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোরও সুপারিশ করেছে।

উল্লেখ্য, ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল দুই ধাপে বাস্তবায়ন করা হয়েছিল। প্রথম ধাপে সংশোধিত মূল বেতন এবং পরবর্তী ধাপে সংশোধিত ভাতা কার্যকর করা হয়।

বর্তমানে সরকারের প্রায় ১৪ লাখ কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৯ লাখ পেনশনভোগীর বেতন-ভাতার জন্য বছরে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যয় হয়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...