বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Logo
×

জুলাই জাদুঘর বাংলাদেশের মানুষের ঘুরে দাঁড়ানোর শক্তির প্রতিচ্ছবি: ইইউ কমিশনার ম্যাগনার

Icon প্রথম সমাচার ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভ্যন্তরীণ বিষয় ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার বললেন, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বাংলাদেশের মানুষের গত দুই দশকের নানা অভিজ্ঞতা, কষ্ট এবং প্রতিকূলতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর অসাধারণ শক্তির চিত্র তুলে ধরে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এ তথ্য জানান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের জনসংযোগ বিভাগের কর্মকর্তা জুবায়ের ইবনে কামাল।

এর আগে সোমবার (১২ অক্টোবর) দুপুরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় তার সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ছিলেন।জাদুঘর প্রাঙ্গণে স্বৈরাচারী শাসনামলে নিহত ব্যক্তিদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ পরিদর্শনের মধ্য দিয়ে প্রতিনিধিদলের কার্যক্রম শুরু হয়। পরে কমিশনার ম্যাগনাস ব্রুনার ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত আনাসের চিঠি এবং জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের ভূমিকার বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন।

জাদুঘর ভবনের ভেতরে তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ১৬ বছরের শাসনামলের বিভিন্ন ঘটনা ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা প্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের ওপর আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত নিপীড়নের অভিযোগ-সংশ্লিষ্ট বিভিন্ন চিত্র ও নিদর্শনও দেখেন ইইউ প্রতিনিধিরা।পরিদর্শন শেষে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধিদলের সদস্যরা। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরার জন্য জাদুঘর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান কমিশনার ম্যাগনাস ব্রুনার।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে যে নির্মম নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে, তা সত্যিই অবিশ্বাস্য। জনগণের আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে থাকবে এবং সমর্থন জোগাবে।’

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com