মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

জ্ঞান ফিরতেই টিনের ঘরে বন্দি, দরজার ফাঁক দিয়ে পালাল স্কুলছাত্র

Icon প্রথম সমাচার ডেস্ক

কুষ্টিয়ায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে স্প্রে করে অপহরণের অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির বিরুদ্ধে। জ্ঞান ফেরার পর নিজেকে একটি টিনের ঘরে বন্দি অবস্থায় দেখতে পায় শিশুটি। ঘরের ভেতরে কয়েকটি স্কুলব্যাগ ও একাধিক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সে। পরে টিনের দরজার ফাঁক দিয়ে বেরিয়ে পালিয়ে বাড়ি ফেরে ওই শিক্ষার্থী।

গত রোববার (১৫ নভেম্বর) কুষ্টিয়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তাহমিদ কুষ্টিয়া স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনালের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে পরিবারের সঙ্গে কুষ্টিয়া সদর উপজেলার জগতি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে।

পরিবারের অভিযোগ, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি তাহমিদের মুখে স্প্রে করে তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর কী ঘটেছিল, তা মনে করতে পারেনি শিশুটি। পরে জ্ঞান ফিরে একটি টিনের ঘরের ভেতরে নিজেকে বন্দি অবস্থায় দেখতে পায়।

তাহমিদের বর্ণনা অনুযায়ী, ঘরের ভেতরে কয়েকটি স্কুলব্যাগ ও আরও কয়েকজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সে। এ ছাড়া সেখানে রক্ত এবং ছুরির মতো ধারালো বস্তু দেখতে পায়। একপর্যায়ে সুযোগ বুঝে টিনের দরজার ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে আসে সে। এ সময় কয়েকজন তার পিছু ধাওয়া করলেও তাদের এড়িয়ে পালিয়ে বাড়ি ফিরতে সক্ষম হয় শিশুটি।

এ ঘটনায় শিশুটির পরিবার জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

এদিকে, গত ১৫ নভেম্বর থেকে কুষ্টিয়ার রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড এলাকায় চঞ্চল চৌধুরী ও দীপা খন্দকারসহ কয়েকজন শিল্পীকে নিয়ে একটি শুটিং ইউনিট কাজ করছে। শুটিংকে কেন্দ্র করে ওই এলাকায় লোকসমাগম রয়েছে। ইউনিটের নিরাপত্তায় পুলিশও দায়িত্ব পালন করছে। এমন পরিস্থিতিতে একই এলাকায় শিশুটিকে আটকে রাখার অভিযোগ ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে পুলিশ শিশুটির দেখানো স্থানসহ রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করে। তবে শিশুটি যে স্থানটিকে আটকে রাখার জায়গা হিসেবে দেখিয়েছে, সেখানে মানুষের যাতায়াত নেই বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআই/বার্তা বাজার

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com