দেশে এলপিজি সরবরাহে কৃত্রিম সংকট তৈরি কিংবা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে মন্ত্রী দেশের বিভিন্ন এলাকায় এলপিজির সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি কোথাও কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন।
ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে এলপিজির সরবরাহে কোনো ঘাটতি নেই। সরবরাহ স্বাভাবিক থাকার পরও কোথাও সংকটের কথা শোনা গেলে এর কারণ অনুসন্ধান করতে হবে। একই সঙ্গে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি বিক্রি হচ্ছে কি না, সে বিষয়েও তথ্য-প্রমাণ সংগ্রহ করতে হবে।
মন্ত্রী জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকায় এলপিজির সরবরাহ ও বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেন। কোথাও সরবরাহে ঘাটতি পাওয়া গেলে দ্রুত তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
তিনি বলেন, জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া তথ্য ও প্রমাণ পর্যালোচনা করে আমদানিকারকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এরপর পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জ্বালানি মন্ত্রী আরও জানান, কোনো এলাকায় এলপিজির সরবরাহ তুলনামূলক কম থাকলে সেখানে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি বা নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ওসিকে ম্যানেজের কথা বলে ইউপি সদস্যের সঙ্গে এসআইয়ের কথোপকথনের অডিও ফাঁস!