বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

টঙ্গীতে মাদরাসার আলোচিত সেই অভিভাবক শাহজালাল রুমীর জামিন মঞ্জুর

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় হামলা ও ভাঙচুরের মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক।

মামলায় শাহজালাল রুমীর পক্ষে নিয়োজিত সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জামিন মঞ্জুরের প্রতিক্রিয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইনজীবী বেল্লাল হোসাইন বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া আইনজীবীরা কোনোক্রমেই সমর্থন করেন না। তবে ঘটনার আকস্মিকতায় কেউ আইনের সংস্পর্শে বা সংঘর্ষে জড়িয়ে পড়লে ন্যায়বিচারের স্বার্থে আইনজীবীরা আইনগত সেবা দেন। এটা তাদের পেশাগত দায়বদ্ধতা।

এর আগে গত ৩ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শাহজালাল রুমীকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। ওই নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

জামিন আবেদনের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট বেল্লাল হোসাইন, অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা, অ্যাডভোকেট মিজানুর রহমান টিটু, অ্যাডভোকেট সাদিয়া আফরিন ও অ্যাডভোকেট কামরুন নাহার লিজাসহ আরও অনেকে। এ সময় গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির অনেক সদস্য উপস্থিত ছিলেন।

সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে টঙ্গীর একটি মাদরাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা করা হয়। ওই মামলায় অভিভাবক শাহজালাল রুমীর বিরুদ্ধে অভিযোগ আনা হলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

পরে গত ২৬ অক্টোবর তার পক্ষে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হলে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com