প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ টিটন ওরফে নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) উপপরিদর্শক ইরফান খানের সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। এর আগে বিদেশ যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিন বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে তাকে রিমান্ড শুনানির জন্য পুলিশি পাহারায় আদালতে তোলা হয়। পরে ৪টা ৪৭ মিনিটে বিচারক এজলাসে উঠলে তদন্ত কর্মকর্তা রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আসামিকে তদন্তের স্বার্থে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে শুনানি করেন। এদিকে রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন, হারুন অর রশিদসহ কয়েকজন মামলার সুষ্ঠু তদন্ত, মামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, এবং প্রকৃত আসামিদের গ্রেপ্তার করতে সাত দিনের রিমান্ড চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, টিটন ২০২৫ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন। এরপর বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপনের সঙ্গে মোবাইলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কথা বলতেন। টিটন তাকে বলতেন, বড় ভাই আমি আপনার অনেক আর্থিক ক্ষতি করেছি, এখন চেষ্টা করছি আপনাদের আর কোনো বদনাম যেন না হয়। আমি যেন ভালোভাবে কাজ করে জীবনযাপন করতে পারি। ঘটনার কিছুদিন আগে রিপনকে শিডিউল কেনার কথা জানিয়ে টিটন জানিয়েছিলেন, ইনশাআল্লাহ মোটামুটি কাজের মাধ্যমে থাকতে পারবেন।
পরবর্তীতে ২৬ এপ্রিল তাকে ফোন দিয়ে জানায়, তার সঙ্গে এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল ওরফে কাইলা বাদল, শাহজাহান, রনি ওরফে ভাঙারি রনিদের বছিলা গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে ঝামেলা চলছে। পরদিন ২৭ এপ্রিল টিটন তাকে বলেন, তারা তাকে ডাকছে। উভয়ের সাথে সমঝোতার মাধ্যমে কাজ করবে। ২৮ এপ্রিল রাত ১১টার দিকে বিভিন্ন লোকের মাধ্যমে রিপন জানতে পারেন, ঢাকা নিউমার্কেট থানাধীন শাহনেওয়াজ হলের সামনে বটতলায় তার ছোট ভাই টিটনকে গুলি করা হয়। তখন তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২৯ এপ্রিল রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। তিনি মামলায় অভিযোগ করেন, অস্ত্রধারী সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে অজ্ঞাতনামা সাতজনের পরিকল্পনায় তার ছোট ভাই খন্দকার নাঈম আহমেদ টিটনকে ঢাকা নিউমার্কেট থানাধীন শাহনেওয়াজ হলের সামনে বটতলা পাকা রাস্তার উপর পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এলোপাতাড়ি ভাবে গুলি করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
সূত্র: মূল প্রতিবেদন
