বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘ষষ্ঠ ডিপ্লোমা সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দিনব্যাপী এ সামিটে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ডিপ্লোমা প্রকৌশলীদের শিক্ষা কারিকুলাম দীর্ঘদিন ধরে অমীমাংসিত হয়ে আছে। এখানে গবেষণার জন্য পর্যাপ্ত গবেষণাগার ও আধুনিক যন্ত্রপাতি (ইকুইপমেন্ট) নেই। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এ বিশাল খাতের সংকট নিরসনে সরকারের কোনো সদুদ্যোগও চোখে পড়ে না।”
এ সময় তিনি কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, “একটি টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের উন্নয়ন ও উৎপাদনের অন্যতম চালিকাশক্তি। সততা, নৈতিকতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলে প্রিয় মাতৃভূমিকে এগিয়ে নেওয়ার সম্মুখসারির কারিগর হতে হবে। পাশাপাশি নিজেদের ন্যায্য অধিকার আদায় এবং কারিগরি শিক্ষার বিদ্যমান সংকট নিরসনে শিক্ষার্থীদের সজাগ ও সচেতন ভূমিকা পালন করতে হবে।”
সামিটে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের দায়িত্বশীলরা তাদের বক্তব্যে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সুন্দর ও ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণে দক্ষ প্রকৌশলী হওয়ার পাশাপাশি উত্তম চরিত্র, সময়ানুবর্তিতা ও ইসলামি শিষ্টাচারের চর্চা জরুরি। নিয়মতান্ত্রিক জীবনযাপন ও নিয়মানুবর্তিতার মাধ্যমে দেশের ইতিবাচক পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালনের জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সামিটে ‘ডিপ্লোমা প্রকৌশলীদের ক্যারিয়ার ভাবনা ও জব অপরচুনিটি’ শীর্ষক প্যানেল আলোচনায় আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের সাবেক সভাপতি প্রকৌশলী ইরফানুল হাসান সাকিব, ডুয়েটের সাবেক সভাপতি প্রকৌশলী ইমরুল কায়েস পরাগ, এলজিইডির সহকারী প্রকৌশলী জাহিদুল হাসান, ন্যাশনাল ডিপ্লোমা ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল মো. এম রহমান বাপ্পি এবং এফডিইবি নেতারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক নোমান হোসেন নয়ন, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক হেলাল উদ্দিন রুবেল এবং শিল্প ও সংস্কৃতি সম্পাদক জাকির হোসেন। এ ছাড়া প্রকৌশলী, শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদসহ বিভিন্ন পেশাজীবী ও অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি
এরশাদের ৯ বছরের শাসনামলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: জাপা নেতা আশরাফুজ্জামান
কুমিল্লায় এবার মাত্র ৩০ সেকেন্ড মিছিল করেই উধাও ছাত্রলীগের নেতাকর্মীরা