শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Logo
×

ড্রেসিংরুমে হৃদয়ের কথোপকথন শুনে ফেলেন আম্পায়ার, গুনলেন বড় জরিমানা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে সেঞ্চুরি করার পর দুঃসংবাদ পেয়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁর শৃঙ্খলা রেকর্ডে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের চতুর্থ দিনে। খারাপ আলোর কারণে খেলা বন্ধ হওয়ার পর অন-ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করতে শোনা যায় হৃদয়কে। তাঁর যুক্তি ছিল, খেলা আরও আগেই বন্ধ করা উচিত ছিল।

আইসিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ম্যাচ কর্মকর্তাদের উদ্দেশে হৃদয়ের ব্যবহৃত ভাষা ছিল ‘আক্রমণাত্মক ও অশোভন’। এ কারণে আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়তা কর্মীদের আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে তাঁকে অভিযুক্ত করা হয়। এই অনুচ্ছেদ আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসম্মতি প্রদর্শনের সঙ্গে সম্পর্কিত।

হৃদয় নিজের দোষ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। গত ২৪ মাসে এটি তাঁর প্রথম এ ধরনের অপরাধ। আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ পর্যায়ের অপরাধে আনুষ্ঠানিক সতর্কবার্তা থেকে শুরু করে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।

তবে ব্যক্তিগত পারফরম্যান্সে জোহানেসবার্গ টেস্টে উজ্জ্বল ছিলেন হৃদয়। প্রথম ইনিংসে ২২৭ বলে ১৩৭ রান করেন তিনি। বাংলাদেশ ২২ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ার পর ক্রিজে এসে দলকে ৪০০ রানের সংগ্রহ গড়তে সহায়তা করেন এই ব্যাটার।

শেষ পর্যন্ত পঞ্চম দিনে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হারে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে। এরপর দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com