সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Logo
×

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের গবেষণাগারে সার্ভার দিয়েছে গ্রামীণফোন

Icon প্রথম সমাচার ডেস্ক

শিক্ষার্থীদের পাঠদান, গবেষণা কার্যক্রম এবং একাডেমিক গবেষণার কাজে সহায়তার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগকে সার্ভার দিয়েছে গ্রামীণফোন। এই উদ্যোগ বিভাগটির কম্পিউটিং সক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করার পাশাপাশি গ্রামীণফোনের নেটওয়ার্ক আধুনিকায়নের সময় অব্যবহৃত প্রযুক্তিপণ্যের পুনর্ব্যবহার নিশ্চিত করবে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের পাঠদান ও গবেষণার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, টেলিযোগাযোগ, সেমিকন্ডাক্টর ডিভাইস, নবায়নযোগ্য শক্তি ও রোবোটিকস। আর তাই গ্রামীণফোনের দেওয়া সার্ভারটি জটিল সিমুলেশন পরিচালনা, বিশাল আকারের ডেটাসেট বিশ্লেষণ এবং বিভিন্ন মডেল তৈরি ও পরীক্ষা করার জন্য বাড়তি সার্ভারের প্রয়োজনীয়তা মেটাবে।

সম্প্রতি রাজধানীর জিপি হাউসে এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সঙ্গে একটি পার্টনারশিপ চুক্তি সই করেছে গ্রামীণফোন। গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ ও চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুনায়েবুর রশিদ, সহযোগী অধ্যাপক আনিকা আজিজ, মো. মিনারুল ইসলাম ও খালেদা আলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সৈয়দা তাহিয়া হোসেন বলেন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের জ্ঞানকে ব্যবহারিক দক্ষতায় রূপান্তর, এআই ও অন্যান্য উদীয়মান প্রযুক্তি অন্বেষণ এবং বাংলাদেশের ডিজিটাল চাহিদার সঙ্গে প্রাসঙ্গিক সমাধান তৈরি করতে সহায়তা করাই এই পার্টনারশিপের লক্ষ্য।

মো. শফিউল আলম বলেন, প্রকৌশল শিক্ষা ও গবেষণার জন্য কম্পিউটিং রিসোর্সের সহজলভ্যতা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। গ্রামীণফোনের এই সহায়তা ইইই বিভাগের গবেষণাগারের সক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং সিমুলেশন, ডেটা বিশ্লেষণ ও গবেষণা প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান প্রয়োগের আরও বেশি সুযোগ তৈরি করবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com