বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Logo
×

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখায় এ ঘটনা ঘটে। তবে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখার দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ব্যাংকের ভেতরে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মী হরি দাশ বর্মন আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।

তার চিৎকার শুনে ব্যাংকে থাকা অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পানি দিয়ে আগুন নেভান। এতে ব্যাংক কার্যালয়ের কাঠের দরজা সামান্য পুড়ে গেলেও ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, অর্থসহ অন্যান্য মালামালের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই তাহিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে তাহিরপুর গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু হানিফ বলেন, বুধবার রাত আনুমানিক ২টার দিকে গ্রামীণ ব্যাংকে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। শব্দ শুনে ব্যাংকের নাইট গার্ড চিৎকার করলে ব্যাংকে থাকা স্টাফ ও পাশের পরিবারের লোকজন এগিয়ে আসেন। আগুনে শুধু কাঠের দরজা পুড়েছে। পানি দিয়ে তা নেভানো হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পুলিশ কাছাকাছি এলাকায় ছিল, দ্রুত আগুন নেভানো হয়েছে। কোন ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় থানায় কোন করা হয়নি, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com