শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Logo
×

দুই দিন পর সাতক্ষীরা-গোপালগঞ্জ রুটে বাস চলাচল শুরু

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

গেল কয়েক দিনের রাজনৈতিক সহিংসতা ও সড়ক অবরোধের পর গোপালগঞ্জে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। দুই দিন বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। ফলে আবারও সাতক্ষীরা-গোপালগঞ্জ রুটে বাস চলাচল শুরু হয়েছে।

এর আগে বুধবার বিকেল থেকে সাতক্ষীরা-গোপালগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার সকাল ৬টার পর থেকে এ মহাসড়ক দিয়ে আবারও বাস চলাচল শুরু হয়।

তবে এর মধ্যে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট দিয়ে ফেরি পার হয়ে হানিফ এন্টারপ্রাইজ, এসপি গোল্ডেন লাইন, সাতক্ষীরা লাইন, মাস্টার ট্রাভেলস, সায়রা পরিবহন, সুন্দরবন লাইন, মামুন এন্টারপ্রাইজ ও এইচআর পরিবহনসহ ১০ থেকে ১৫টি পরিবহনের বাস চলাচল স্বাভাবিক ছিল।

সাতক্ষীরা লাইনের কাউন্টার ম্যানেজার মোকলেছুর রহমান জানান, দুই দিন সাতক্ষীরা-গোপালগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শুক্রবার থেকে এ রুটে আবার বাস চলাচল শুরু হয়েছে।

টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টার ম্যানেজার মনিরুল ইসলাম বলেন, বুধবার রাত থেকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ছিল। শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জের রুট দিয়ে তাদের বাস আগের নিয়মে চলাচল করছে।

ইমাদ পরিবহনের কাউন্টার ম্যানেজার জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার সকাল থেকে তাদের বাস স্বাভাবিক নিয়মে চলাচল করছে। তবে বাসের ট্রিপের সংখ্যা কমেছে।

সাতক্ষীরা জেলা পরিবহন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি সরদার মুকুল বলেন, শুক্রবার সকাল থেকে সাতক্ষীরা লাইন, এসপি গোল্ডেন লাইন ও এইচআর পরিবহনসহ ১৫টি কোম্পানির বাস সাতক্ষীরা থেকে ফরিদপুরের ভাঙ্গা হয়ে পদ্মা সেতু পারাপার করে চলাচল করছে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও পরিবহন মালিকদের মধ্যে এখনো শঙ্কা কাটেনি। এ অবস্থায় অনেকে ঝুঁকি নিয়ে গোপালগঞ্জ রুটে বাস চালাচ্ছেন। রাতের পরিস্থিতি পর্যবেক্ষণ করে শনিবার সকাল থেকে আগের নিয়মে বাস চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com