শারদীয় দুর্গোৎসব দেখতে আগামী ২০ অক্টোবর রংপুর সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সনাতনী সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গতকাল শুক্রবার বিকেলে পুলিশ ধর্মসভা মন্দির এলাকা পরিদর্শন করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত হওয়ায় পুলিশি নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি র্যাবের টহল দলও কাজ করছে। এ ছাড়া এসএসএফ ও এনএসআইয়ের উচ্চ পর্যায়ের দলও এরই মধ্যে মন্দির এলাকা পরিদর্শন করেছে।
সফরের সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী।
এরপর সড়কপথে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরের (ধর্মসভা) উদ্দেশে রওনা হবেন। সকাল ১১টার দিকে তিনি ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন এবং সনাতনী সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরিদর্শন শেষে তিনি পুনরায় সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন।
গুপ্তপাড়া শ্রীশ্রী দুর্গা মন্দিরের সভাপতি সুব্রত সরকার মুকুল জানান, ‘আমরা এখনো প্রশাসনের পক্ষ থেকে অফিশিয়াল কোনো চিঠি পাইনি।
তবে এসএসএফ ও এনএসআইয়ের দল এলাকা পরিদর্শন করে গেছে। আমরাও প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি।’

রংপুরে ৯ মাসেও সংস্কার হয়নি যে সড়ক, প্রধানমন্ত্রীর সফর ঘিরে মাত্র পাঁচ দিনেই তা সম্পন্ন
প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দাবিতে ৩০ নভেম্বর রংপুরে হরতাল
আগামীকাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা