শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলে যা যা প্রয়োজন, সরকার সবই করবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Icon প্রথম সমাচার ডেস্ক

দুর্নীতি, চাঁদাবাজি, চোরাচালানসহ সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড নির্মূলে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন এমপি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সকল সামাজিক পরিবেশ-পরিস্থিতির উন্নয়ন কোনো একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয়। ইতিবাচক কিংবা নেতিবাচক যেকোনো পরিস্থিতির উত্তরণে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নিরপরাধ মানুষ যেন কোনো অবিচারের শিকার না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলার অবক্ষয় মূলত সামাজিক অবক্ষয়ের অংশ। তাই আইনকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তুলতে হবে। এ জন্য প্রশাসন, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যারা প্রশ্ন করছেন, আপনাদের সহযোগিতাও প্রয়োজন। যেকোনো প্রকার চোরাচালান, অনৈতিক কার্যক্রম, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল করার জন্য ধাপে ধাপে যা যা করা প্রয়োজন, প্রশাসন ও সরকার সবকিছুই করবে। আপনারাও তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করুন। তাহলে দিনের বেলায় ঘটে যাওয়া অপরাধমূলক কর্মকাণ্ডও বন্ধ করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এতে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com