পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল হক গুণী শিক্ষক হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে সম্মাননা পেয়েছেন। তাঁর হাত ধরেই প্রতিষ্ঠানটির অবকাঠামো নির্মাণ ও পাঠদান কার্যক্রমের যাত্রা শুরু হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের গুণী শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।
প্রকৌশলী মোঃ আমিনুল হক ২০২১ সালে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে যোগ দেন। দায়িত্ব নেওয়ার পর তাঁর নেতৃত্বেই প্রতিষ্ঠানটির অবকাঠামো গড়ে তোলা এবং পাঠদান কার্যক্রম শুরু হয়। পরে ধীরে ধীরে প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষার একটি পূর্ণাঙ্গ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম এগিয়ে নেয়।
২০২৩ সালের ১২ নভেম্বর অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পান আমিনুল হক। ২০২১ সাল থেকে ২০২৫ সালের ১৯ জুন পর্যন্ত তিনি দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
পরে ২০ জুন বদলি হয়ে নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন তিনি। সেখান থেকেই চলতি বছরের ৩০ সেপ্টেম্বর অবসরে যান।
প্রকৌশলী আমিনুল হকের কর্মজীবন শুরু হয় ২০০৩ সালে। ওই বছর চিফ ইন্সট্রাক্টর হিসেবে রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যোগ দেন তিনি। দীর্ঘ কর্মজীবনে কারিগরি শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে এবার গুণী শিক্ষক সম্মাননা পেলেন তিনি।
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে প্রকৌশলী মোঃ আমিনুল হক বলেন, “একজন মানুষ যদি তাঁর কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যান, তাহলে একদিন না একদিন তাঁর সেই পরিশ্রমের স্বীকৃতি মিলবেই। আমি মনে করি, দীর্ঘ কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কারণেই মহান আল্লাহ আমাকে এই সম্মান পাওয়ার সুযোগ দিয়েছেন। এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই, তিনি আমাকে এই সম্মাননা দিয়ে আমার দীর্ঘদিনের কাজকে মূল্যায়ন করেছেন।”
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত
শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি
জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে টোকিও–মস্কো সম্পর্কে নতুন টানাপোড়েন