মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Logo
×

দেশীয় শিল্প ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইসিটি মন্ত্রী

প্রথম সমাচার ডেস্ক ১৬ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন

দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুও উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, দক্ষ মানবসম্পদ, উদ্ভাবনী উদ্যোগ এবং আধুনিক ব্যবস্থাপনার সমন্বয়ের মাধ্যমে দেশের শিল্পখাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। তিনি উল্লেখ করেন, টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়নে দেশীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড দীর্ঘদিন ধরে দেশের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানটির আরও বিকাশের সুযোগ রয়েছে।

তিনি জানান, প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের আধুনিক ক্যাবল উৎপাদন করছে। তবে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে পুরোনো প্রযুক্তির পরিবর্তে নতুন প্রযুক্তি গ্রহণ, কার্যকর পরিকল্পনা প্রণয়ন, উন্নত বিপণন কৌশল এবং দ্রুত পণ্য সরবরাহ ব্যবস্থার ওপর গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী আরও বলেন, কোনো প্রতিষ্ঠানের উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও মালিকানাবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

পরিদর্শনকালে মন্ত্রী উৎপাদন কার্যক্রমের বিভিন্ন ধাপ ঘুরে দেখেন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের বিষয়ে দিকনির্দেশনা দেন।

এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও কর্মদক্ষতার প্রশংসা করে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শন শেষে মন্ত্রী প্রতিষ্ঠান প্রাঙ্গণে একটি দেশি আমগাছের চারা রোপণ করেন এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং চলমান উন্নয়ন প্রকল্প সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...