শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা-রুপার দাম, আজ থেকে কার্যকর নতুন মূল্য

প্রথম সমাচার ডেস্ক ২৯ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

দেশের বাজারে সোনা ও রুপার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্যতালিকা ঘোষণা করেছে, যা সোমবার (২৯ জুন) থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে খাঁটি সোনা এবং রুপার দাম বাড়ার প্রভাবেই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা দামে বিক্রি হচ্ছে।

সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী নির্ধারিত মজুরি আলাদাভাবে যোগ হবে।

সংস্থাটি আরও জানায়, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলঙ্কার ক্রয়-বিক্রয় ও এক্সচেঞ্জের ক্ষেত্রে বাজুসের বিদ্যমান নীতিমালাই অনুসরণ করা হবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...