সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Logo
×

ধর্ষণ মামলার আসামি আবু তাহের গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নবগঠিত গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে আবু তাহের প্রধানের নাম ঘোষণার পর জেলাজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি একটি বিচারাধীন ধর্ষণ মামলার আসামি। দীর্ঘদিন ধরে নিজের বাড়ির এক ভাড়াটিয়া নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং ওই নারীর স্বামীকে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযুক্ত আবু তাহের প্রধান গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার সুলতান উদ্দিন প্রধানের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, চাকরির সুবাদে প্রায় পাঁচ বছর আগে শ্রীপুর পৌরসভা এলাকায় আবু তাহেরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন ভুক্তভোগী নারী। একপর্যায়ে আবু তাহেরের সঙ্গে তার পরিচয় হয়। এরপর মোবাইল নম্বর সংগ্রহ করে বিভিন্ন অজুহাতে যোগাযোগ শুরু করেন আবু তাহের এবং একপর্যায়ে প্রেমের প্রস্তাব ও বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৮ আগস্ট দুপুর ১২টার দিকে আবু তাহের তার বাড়ির নিরাপত্তাকর্মী আব্দুল কাদেরকে সঙ্গে নিয়ে ওই নারীর ভাড়া বাসায় যান। পরে ঘরের ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন আবু তাহের। এ সময় নিরাপত্তাকর্মী আব্দুল কাদের বাইরে পাহারায় ছিলেন। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

পরবর্তী সময়ে ভুক্তভোগী নারী বিয়ের জন্য চাপ দিলে তাকে ও তার স্বামীকে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত ন্যায়বিচার চেয়ে ভুক্তভোগী নারী আদালতে আবু তাহের প্রধানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন। পাশাপাশি নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ওই দম্পতি গাজীপুর পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত আবেদন করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবু তাহের প্রধান দাবি করেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না এবং সাংবাদিকদের মাধ্যমেই প্রথম বিষয়টি জানতে পেরেছেন।

এ বিষয়ে জানতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্নাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এশিয়া পোস্টকে বলেন, ঘটনাটি শুনেছি। যতটুকু জানতে পেরেছি, এটি প্রায় তিন মাস আগের ঘটনা। আবু তাহের প্রধান কমিটিতে জায়গা পাওয়ায় বিষয়টি নতুন করে সামনে এসেছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি; অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com