শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

নগরীর দুই নম্বর গেটে সড়ক-ফুটপাত হকারের দখলে, থ্রি-হুইলারের ধাক্কায় আহত ৭

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

​চট্টগ্রাম নগরীর মেয়র গলির সামনের সড়কে থ্রি-হুইলারের ধাক্কায় বাইক আরোহীসহ অন্তত সাত পথচারী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি মোটরসাইকেল ও বেশ কয়েকটি সবজি বিক্রির ভ্যানগাড়ি।

মঙ্গলবার (২৪ নবেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর ২ নম্বর গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী সবজি বিক্রেতা মোহাম্মদ রিপন জানান, অক্সিজেন থেকে দুই নম্বর গেট অভিমুখে ছেড়ে আসা যাত্রীবাহী একটি থ্রি-হুইলার (চট্টমেট্রো-১১-০৪৬৬) নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা ব্যাংকের সামনে এসে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহীসহ অন্তত সাতজন পথচারী গুরুতর আহত হন। কয়েকটি সবজি বিক্রির ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। চালক পালিয়ে যেতে চাইলে উপস্থিত জনতা তাকে আটক করে। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে এক বৃদ্ধসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

​স্থানীয় প্রত্যক্ষদর্শী শাহজাহান জানান, মেয়র গলির সামনে থেকে শেখ ফরিদ মার্কেট পর্যন্ত সড়কের ধারে ফুটপাত ও অন্তত ১০ ফুট সড়ক সবজি আর ফল বিক্রেতাদের দখলে। ফলে পথচারীদের সড়কের ওপর দিয়ে যাতায়াত করতে হয়। ফুটপাতের বিষয়ে কেউ প্রতিবাদ করলেই হকাররা সবাই মিলে মারতে আসে। এখানে পথাচারীদের সাথে হকারদের অসদাচরণ নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

​পথচারীরা জানান, যদি ফুটপাত দিয়ে হাঁটা যেত, তবে লোকগুলো আহত হতো না। পাশাপাশি নিয়ন্ত্রণ হারানো পরিবহনটি সড়কের ধারের ফুটপাতের আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে গতি নিয়ন্ত্রণ করতে পারত। তাই জনস্বার্থে এই সড়ক ও ফুটপাত হকারমুক্ত করা দরকার।

নাম প্রকাশনা করার শর্তে ​স্থানীয় সূত্র জানায়, এসব হকারের কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে কয়েকজন স্থানীয় যুবক দৈনিক হারে চাঁদা আদায় করেন। এ ছাড়া রেলক্রসিং সংলগ্ন প্রতিটি ফলের দোকান থেকে দুই লাখ টাকা অগ্রিম ও মাসিক ৩০ হাজার টাকা করে আদায় করা হয়ে থাকে।

​তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

​পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। পরে বিস্তারিত জানানো হবে এবং সড়কের পাশ থেকে হকার উচ্ছেদ করা হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com