শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

নড়াইল-২ আসনের এমপির অনুদান বিতরণ নিজ পরিবারে

প্রথম সমাচার ডেস্ক ২৮ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

 

নড়াইল-২ আসনের জামায়াতের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, অনুদানপ্রাপ্তদের তালিকায় একই ব্যক্তির নামে একাধিকবার অনুদান দেওয়া হয়েছে এবং এমপির ঘনিষ্ঠ সহযোগী ও আত্মীয়-স্বজনদেরও অনুদান প্রদান করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, অনুদানের তালিকার ১ ও ৮ নম্বরে একই ব্যক্তি ‘ফাইজা’র নাম রয়েছে। এক স্থানে বাবার নাম ‘আতাউর রহমান’ এবং অন্য স্থানে ‘বাচ্চু’ উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, আতাউর রহমান বাচ্চু একই ব্যক্তি। ফলে একই মেয়ের নামে বাবার নাম ভিন্নভাবে ব্যবহার করে দুইবার অনুদান নেওয়া হয়েছে। তাদের ভাষ্য, মেয়ের নামে অনুদান নেওয়া যেমন একটি অপরাধ, তেমনি নিজের দুই নামে একই ব্যক্তির জন্য দুইবার অনুদান নেওয়াও আরেকটি অনিয়ম।

এছাড়া তালিকার ২ নম্বরে থাকা আশিককে এমপি আতাউর রহমান বাচ্চুর এপিএস ও ঘনিষ্ঠ সহযোগী এবং ৬ নম্বরে থাকা ফরহাদ হোসাইনকে এমপির ব্যক্তিগত ক্যামেরাম্যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, তালিকার ১১, ১২, ১৪ ও ১৭ নম্বরে থাকা ব্যক্তিরা সবাই এমপির শ্বশুরবাড়ির আত্মীয়। এর মধ্যে ১১ নম্বরে থাকা লাবিবা এমপির আপন শ্যালক আলী আহম্মেদের মেয়ে, ১২ নম্বরে থাকা আলী আহসান এমপির আপন শ্যালক, ১৪ নম্বরে থাকা মেসবাহ আলী আহম্মেদের ছেলে এবং ১৭ নম্বরে থাকা নুসাইবা আলী আহম্মেদের আরেক মেয়ে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগকারীরা অনুদান বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।

 

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...