মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন

Icon প্রথম সমাচার ডেস্ক

হলিউডের জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের নতুন মুখ হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১৬ নভেম্বর জেমস বন্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন ০০৭ হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ সিনেমার পর চরিত্রটি থেকে বিদায় নেওয়া ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হচ্ছেন প্যাটিনসন।

‘টোয়াইলাইট’ সিরিজে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া প্যাটিনসন পরবর্তী সময়ে ‘দ্য ব্যাটম্যান’-এ অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেছেন। এবার জেমস বন্ডের মতো বিশ্বখ্যাত চরিত্রে অভিনয়ের সুযোগ তাঁর ক্যারিয়ারে নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে।

১৯৬২ সালে ‘ডক্টর নো’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজি। প্রথম সিনেমায় ব্রিটিশ গোয়েন্দা এজেন্ট ০০৭-এর ভূমিকায় অভিনয় করেছিলেন শন কনারি। এরপর কয়েক দশকে জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেগের মতো অভিনেতারা চরিত্রটিকে পর্দায় তুলে ধরেছেন।

বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী ও ব্যবসাসফল চলচ্চিত্র সিরিজ হিসেবে প্রতিষ্ঠিত জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলো থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় হয়েছে ৭ বিলিয়ন ডলারের বেশি। আভিজাত্যপূর্ণ পোশাক, দুর্ধর্ষ ব্যক্তিত্ব, রোমাঞ্চকর অভিযান এবং মার্টিনি পানের বিশেষ ভঙ্গি—‘ঝাঁকিয়ে, নাড়িয়ে নয়’—বন্ড চরিত্রের পরিচিত বৈশিষ্ট্য।

অন্যদিকে, প্যাটিনসন নিজেকে কেবল বাণিজ্যিক সিনেমার তারকা হিসেবেই সীমাবদ্ধ রাখেননি। বড় বাজেটের চলচ্চিত্রের পাশাপাশি ভিন্নধর্মী গল্প ও চরিত্রেও অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। ‘দ্য ব্যাটম্যান’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

চলতি বছরের আলোচিত সিনেমার তালিকাতেও রয়েছে প্যাটিনসনের নাম। ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’সহ একাধিক প্রকল্পে কাজ করেছেন তিনি। নতুন জেমস বন্ড হিসেবে তাঁর অন্তর্ভুক্তি তাই দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

তবে নতুন বন্ড হিসেবে প্যাটিনসনের অভিনীত সিনেমা কবে মুক্তি পাবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

  বিনোদন এর সর্বশেষ খবর

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com