বুধবার, ১০ জুন ২০২৬
Logo
×

নতুন পে-স্কেল ঘোষণায় বাজেট বক্তব্যে শেষ মুহূর্তে পরিবর্তন

প্রথম সমাচার ডেস্ক ১০ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের আগেই সরকার নতুন পে-স্কেল কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের আলোকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাজেট বক্তব্যে শেষ মুহূর্তে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কাল (বৃহস্পতিবার) বাজেট উপস্থাপনের দিনই এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেলের আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামোয় সুপারিশকৃত মূল বেতনের ৫০ শতাংশ পাবেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে আগামী অর্থবছরের বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

তবে পে-স্কেল একবারে পুরোপুরি কার্যকর না করে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে চলতি ১ জুলাই থেকে মূল বেতনের ৫০ শতাংশ দেওয়া হবে।

দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ অর্থবছরে অবশিষ্ট ৫০ শতাংশ বেতন বৃদ্ধি কার্যকর হবে এবং তৃতীয় ধাপে ২০২৮-২৯ অর্থবছরে অন্যান্য ভাতা ও সুবিধাদি পুরোপুরি বাস্তবায়িত হবে। ধাপে ধাপে বাস্তবায়নের এই পরিকল্পনা সামনে আসায় সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অর্থমন্ত্রী জানান, নবম পে-স্কেলের গেজেট জুন মাসের মধ্যেই প্রকাশ করা হবে এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...