শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে মর্যাদাপূর্ণ সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বাংলাদেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা ও স্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ, রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ঐতিহাসিক ব্রিটিশ পার্লামেন্টের ‘হাউস অব লর্ডস’-এ আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

এশিয়াওয়ান মিডিয়া আয়োজিত ‘২৮তম এশিয়া-আফ্রিকা-ইউরোপ ইনভেস্টর ফোরাম ২০২৬’ এবং ‘এশিয়াওয়ান বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম ২০২৬’-এ তাকে ‘ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ব্র্যান্ডস অ্যান্ড লিডারস ২০২৬’ সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনস্টারের হাউস অব লর্ডসের ঐতিহ্যবাহী ‘চোমন্ডেলি রুমে’ এক জাঁকজমকপূর্ণ অ্যাওয়ার্ডস সিরিমনি ও গালা ডিনারে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য দ্য রাইট অনারেবল লর্ড ঢোলাকিয়া ওবিই ডিএলের আমন্ত্রণে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের ২০টি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, নীতিনির্ধারক এবং বিনিয়োগকারীরা অংশ নেন।

বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের আধুনিকায়ন, বেসরকারি চিকিৎসা শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে অসামান্য নেতৃত্ব ও দূরদর্শী অবদানের স্বীকৃতিস্বরূপ প্রীতি চক্রবর্তীকে এই বৈশ্বিক সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে তিনি ‘ইনভেস্টরস অ্যান্ড ইনোভেশনস’ শীর্ষক বিশেষ গোলটেবিল বৈঠকে অংশ নেন এবং ব্রিটিশ পার্লামেন্টের মূল অধিবেশনে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন। এ ছাড়া এশিয়াওয়ানের বিশেষ প্রকাশনা ‘দ্য নিউ ওয়েলথ ড্রাইভারস অব দ্য ওয়ার্ল্ড’-এ তার নেতৃত্ব ও সাফল্যের গল্প বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, প্রীতি চক্রবর্তী ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যানের পাশাপাশি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সহসভাপতি এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিডব্লিউসিসিআই) পরিচালক হিসেবে দেশের শিল্প, বাণিজ্য ও নারী নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। পিতা স্বর্গীয় আশুতোষ চক্রবর্তী ও মাতা পুষ্প চক্রবর্তী। সাত ভাই বোনের মধ্যে তিনি সবার বড়।

আন্তর্জাতিক অঙ্গনে এই অর্জন সম্পর্কে প্রীতি চক্রবর্তী বলেন, ‘ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসের মতো ঐতিহাসিক মঞ্চে এই সম্মাননা অর্জন কেবল আমার ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি বাংলাদেশের স্বাস্থ্য খাত ও নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রার এক অনন্য বৈশ্বিক স্বীকৃতি। এই অর্জন আগামী দিনে দেশের মানুষের জন্য আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরতে আমাকে অনুপ্রাণিত করবে।’

অনুষ্ঠানে যুক্তরাজ্যের হাউস অব লর্ডস ও হাউস অব কমন্সের সংসদ সদস্য লর্ড করণ বিলিমোরিয়া, লর্ড রাজ লুম্বা, মাইক উড এমপি, বেল রিবেইরো-অ্যাডি এমপি, শওকত আদম এমপি এবং সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী ও নীতিনির্ধারক ড. আরশি আইয়ুবসহ আন্তর্জাতিক পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com