শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

রাতে ভালো ঘুমের জন্য খাদ্যতালিকায় যেসব খাবার রাখবেন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সুস্থ থাকতে পুষ্টিকর খাবারের পাশাপাশি পর্যাপ্ত ঘুমও জরুরি। অনেকেই রাতে বিছানায় যাওয়ার পর সহজে ঘুমাতে পারেন না। এপাশ-ওপাশ করতেই ঘণ্টাখানেক কেটে যায়। মানসিক চাপ, দুশ্চিন্তা ও অনিয়মিত জীবনযাপনের পাশাপাশি খাবারের অভ্যাসও ঘুমের ওপর প্রভাব ফেলতে পারে।

তবে প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু পুষ্টিকর খাবার রাখলে ঘুমের মান ভালো রাখতে সহায়তা করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভালো ঘুমের প্রক্রিয়ায় ভিটামিন বি, ম্যাগনেশিয়াম ও জিঙ্কের মতো পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছাড়া ট্রিপটোফ্যান, সেরোটোনিন ও মেলাটোনিনও ভালো ঘুমের সঙ্গে সম্পর্কিত।

মেলাটোনিন হরমোন ঘুম ও জেগে থাকার স্বাভাবিক চক্র নিয়ন্ত্রণ করে। দুধ, কিছু ফল ও বাদামে অল্প পরিমাণে মেলাটোনিন পাওয়া যায়। অন্যদিকে, ট্রিপটোফ্যান এক ধরনের অ্যামিনো অ্যাসিড, যা শরীরে সেরোটোনিন তৈরিতে সাহায্য করে। সেরোটোনিন মেজাজ নিয়ন্ত্রণের পাশাপাশি মেলাটোনিন তৈরিতেও ভূমিকা রাখে। বাদাম, বীজ, ডিম ও সয়াবিনে ট্রিপটোফ্যান পাওয়া যায়।

পুষ্টিবিদদের মতে, রাতে ক্ষুধা লাগলে বাদাম খেতে পারেন। কাঠবাদাম, পেস্তা ও আখরোটে কিছু পরিমাণে মেলাটোনিন থাকে। পাশাপাশি কাঠবাদাম ও কাজুবাদাম ম্যাগনেশিয়ামের ভালো উৎস। এক মুঠো বাদাম রাতের হালকা খাবার হিসেবে খেতে পারেন।

এ ছাড়া ডিম, কুমড়ার বীজ ও সয়াবিনও খাদ্যতালিকায় রাখতে পারেন। এসব খাবারে এমন পুষ্টি উপাদান আছে, যা শরীরে সেরোটোনিন ও মেলাটোনিন তৈরির প্রক্রিয়ায় সাহায্য করে। রাতে এক গ্লাস সয়া মিল্ক বা হলুদ মেশানো গরম দুধও খেতে পারেন।

কলা, বাদাম, ওটস ও বিভিন্ন শস্যজাতীয় খাবারও রাতে খাওয়ার জন্য ভালো বিকল্প হতে পারে। কলায় পটাশিয়াম আছে। অন্যদিকে, বাদামি চাল ও আটার রুটিতে আছে জটিল কার্বোহাইড্রেট ও ফাইবার। রাতের খাবারের অংশ হিসেবে এসব খাবার শরীরের পুষ্টির চাহিদা পূরণে সাহায্য করে।

ক্যাফেইনমুক্ত ভেষজ চাও ঘুমানোর আগে পান করতে পারেন। ল্যাভেন্ডার চাও রাতে পানীয় হিসেবে বেছে নিতে পারেন। তবে এই চা সরাসরি ঘুমের মান বাড়ায়, এমন পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ এখনো নেই।

এ ছাড়া টক চেরির রস নিয়েও ঘুমের উপকারিতার বিষয়ে গবেষণা হয়েছে। ২০২৫ সালের সাতটি গবেষণার একটি পর্যালোচনায় কিছু ক্ষেত্রে এর সঙ্গে ঘুমের মান উন্নত হওয়ার তথ্য পাওয়া গেছে।

তবে ভালো ঘুমের জন্য শুধু ভালো খাবার খেলেই হবে না, কিছু খাবারের অভ্যাসও পরিবর্তন করতে হবে। রাতে ঘুমানোর ঠিক আগে ভারী খাবার খাওয়া এড়িয়ে চলুন। রাতের খাবার ঘুমানোর দুই থেকে তিন ঘণ্টা আগে শেষ করা ভালো। অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার হজমে অস্বস্তি তৈরি করতে পারে। ঝাল খাবারও কারও কারও অ্যাসিডিটির সমস্যা বাড়াতে পারে।

এ ছাড়া বিকেল বা সন্ধ্যার পর কফি, ক্যাফেইনযুক্ত চা ও চকলেট খাওয়ার পরিমাণ কমানো ভালো। ক্যাফেইন ঘুমের স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে। অন্যদিকে, অ্যালকোহল শুরুতে ঘুম ঘুম ভাব তৈরি করলেও রাতের পরবর্তী সময়ে ঘুমের ধারাবাহিকতা নষ্ট করে দেয়।

প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার রাখলে ও রাতের খাবারের অভ্যাসে কিছু পরিবর্তন আনলে ঘুমের মান ভালো হতে পারে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com