সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Logo
×

নিমপাতা পাড়তে গিয়ে প্রাণ গেল বাবুর্চির

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ফেনীর পরশুরামে মাদ্রাসার ছাদ থেকে পড়ে আবদুর রহিম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শালধর বাজার সিদ্দিকীয়া হিফজুল কোরআন এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রহিম ওই এতিমখানার বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার মালিপাথর এলাকার মৃত আবদুল গোপরানের ছেলে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, আবদুর রহিম অ্যালার্জি রোগী ছিলেন। সোমবার সকাল ৬টা ২৪ মিনিটের দিকে ফজরের নামাজ আদায় করে এতিমখানার ছাদ থেকে নিমপাতা পাড়তে যান তিনি। পরে সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. হানিফ বাবুল এশিয়া পোস্টকে জানান, তিনি প্রতিষ্ঠাকালীন সময়ে এতিমখানায় চাকরিতে যোগদান করেন। তার এমন মৃত্যুতে আমরা সবাই শোকাহত।

ফেনীর পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিমপাতা পাড়তে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। এতে মাথা ও শরীরে গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়। এ বিষয়ে কারও কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com