প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো যশোর সফরে গেছেন তারেক রহমান। আজ সোমবার সকালে গুলশানের নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি এবং সেখান থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছান।
নির্বাচনী অঙ্গীকার পূরণে দেশব্যাপী যে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী, তারই অংশ হিসেবে আজ যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি।
উল্লেখ্য, ৫০ বছর আগে ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে কোদাল নিয়ে এই খালের খনন কাজ শুরু করেছিলেন, যা ইতিহাসে ‘জিয়া খাল’ নামে পরিচিত।
শার্শা থেকে যশোর শহরে ফিরে দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এরপর পৌনে দুইশো বছরের ঐতিহ্যবাহী যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন তিনি। বিকেলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেন সরকারপ্রধান।
দলীয় নেতারা জানান, প্রধানমন্ত্রী হওয়ার মাত্র দুই মাসের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে নামলেন তারেক রহমান। পর্যায়ক্রমে বাকি প্রতিশ্রুতিগুলোও বাস্তবে রূপ দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সারা যশোর জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রশাসনের পক্ষ থেকে গোটা শহরকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় রাখা হয়। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে যশোর ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
