শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Logo
×

পঞ্চগড়ের রাস্তার কাজ তদারকির সময় উপসহকারী প্রকৌশলীর ব্যাগে মিলল টাকা

Icon প্রথম সমাচার ডেস্ক

পঞ্চগড়ের বোদায় রাস্তার কাজ তদারকির সময় এক উপসহকারী প্রকৌশলীর ব্যাগ থেকে এক লাখ টাকা এবং পকেট থেকে আরও ৫০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার সাকোয়া ইউনিয়নের গিদালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই প্রকৌশলীর নাম নূরই আকরাম। তিনি বোদা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী।

স্থানীয়রা জানান, সাকোয়া-নয়াদীঘি ভায়া বোয়ালমারী পাকা সড়কের নির্মাণকাজের মান নিয়ে তাঁরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন। তবে কাজের তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলী নূরই আকরাম তাঁদের অভিযোগে কর্ণপাত করছিলেন না।

বৃহস্পতিবার কাজের মান নিয়ে প্রশ্ন তুলে স্থানীয়রা বরাদ্দ ও কাজসংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে প্রকৌশলী সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাঁর পিছু নিয়ে পথরোধ করেন এবং ব্যাগ তল্লাশি করতে চান। এতে তিনি রাজি না হওয়ায় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তাঁর ব্যাগ থেকে এক লাখ টাকা এবং পকেট থেকে আরও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাঁকে হেফাজতে নেয় পুলিশ।

স্থানীয়দের দাবি, এত টাকা সঙ্গে রাখার কারণ জানতে চাইলে প্রকৌশলী অসংলগ্ন কথা বলেন।

তবে নূরই আকরাম দাবি করেছেন, টাকাগুলো তাঁর ব্যক্তিগত এবং ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য সঙ্গে রেখেছিলেন। তিনি নিজেকে নির্দোষ বলেও দাবি করেন।

এ বিষয়ে বোদা উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান বলেন, দায়িত্ব পালনকালে একজন প্রকৌশলীর সঙ্গে এত নগদ টাকা থাকার বিষয়টি স্বাভাবিক নয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com