প্রথম সমাচার ডেস্ক:
শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিতে আহত হয়েছেন আরও দুজন।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এসময় বিএনপির সঙ্গে তাদের সংঘর্ষ হয় এবং এতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হন।’
নিহতের নাম ইব্রাহিম সিপাহী। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এদিন পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় অসংখ্য ককটেল বিস্ফোরণ, বিএনপির অবস্থান কর্মসূচির স্থানে ভাঙচুর, প্রায় ২০টি মোটরসাইকেল এবং একটি রেস্টুরেন্ট ও খাবার হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনার একাধিক ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে কয়েক হাজার মানুষকে দেশীয় অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করে থাকতে দেখা যায়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে আসেন। এ সময় এক্সপ্রেসওয়ের ওপর বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় সেখানে গুলিবর্ষণ হয়।একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।
শরীয়তপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, তথ্য ছিল পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা ঘটাতে পারে। এ আশঙ্কায় বিএনপি নেতাকর্মীরা শুক্রবার থেকে পদ্মা সেতু এলাকায় অবস্থান করছিলেন। আজ ভোরের দিকে মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের বিকেনগর এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান।
সূত্র: মূল প্রতিবেদন

যারা আগুনসন্ত্রাস চালাচ্ছো, সবাই কিন্তু ইন্ডিয়ায় পালাতে পারবা না: রাশেদ খাঁন