ভারতের পশ্চিমবঙ্গে পশু জবাই সংক্রান্ত নতুন বিধিমালা জারি করেছে রাজ্য সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি অনুমোদিত ফিটনেস সার্টিফিকেট ছাড়া গরু, ষাঁড়, মহিষ ও বাছুরসহ কোনো পশু জবাই করা যাবে না। বিধি অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বুধবার (১৩ মে) প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা কার্যকর করা হয়।
নতুন বিধিমালায় উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র ১৪ বছরের বেশি বয়সী এবং কর্মক্ষমতা বা প্রজনন সক্ষমতা হারানো পশু জবাইয়ের অনুমতি পাবে। এছাড়া বার্ধক্য, গুরুতর আঘাত, শারীরিক বিকৃতি বা দুরারোগ্য রোগে স্থায়ীভাবে অক্ষম পশুর ক্ষেত্রেও অনুমোদন দেওয়া যেতে পারে। তবে এ ক্ষেত্রে নির্ধারিত সনদে কারণ স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
সংশ্লিষ্ট সনদ প্রদান করবেন পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক। কোনো আবেদন বাতিল হলে আবেদনকারী ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন বলেও জানানো হয়েছে।
বিধিমালায় আরও বলা হয়েছে, অনুমোদিত পশু শুধুমাত্র নির্ধারিত কসাইখানা বা প্রশাসন নির্ধারিত স্থানে জবাই করা যাবে। জনসম্মুখে কিংবা খোলা স্থানে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি প্রশাসনের অনুমোদিত কর্মকর্তা বা পশু চিকিৎসকের পরিদর্শনে বাধা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
