নোয়াখালীর কবিরহাটে পাওনা পারিশ্রমিকের টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. শাহীন (৪৪) নামে এক সাবেক যুবদল নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা শামসুদ্দিন মাসুদের বিরুদ্ধে। চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তিনি।
উপজেলার চাপরাশিরহাট বাজারের বাশার হোটেলের সামনে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
হামলার শিকার শাহীন একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং অমরপুর গ্রামের মৃত সাহাব উদ্দিন মেম্বারের ছেলে।
শাহীন অভিযোগ করেন, কয়েক মাস আগে বিএনপি নেতা শামসুদ্দিন মাসুদ চাপরাশিরহাট হাইস্কুলের পশ্চিম পাশে একটি জায়গা কেনেন। পরে দলীয় লোকজন নিয়ে ওই জায়গা মাপ দিয়ে দখলে নেওয়ার সময় তিনি সেখানে কাজ করেন। এরপর তিনি ঢাকায় চলে যান। পরে ফিরে এসে কাজের পারিশ্রমিক চাইলে মাসুদ একাধিকবার টাকা দেওয়ার আশ্বাস দেন।
শাহীন আরও অভিযোগ করেন, পারিশ্রমিকের টাকা না পাওয়ায় তিনি মাসুদের মুঠোফোনে একাধিকবার কল করেন। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাতে চাপরাশিরহাট বাজারের বাশার হোটেলের সামনে মাসুদ তার লোকজন নিয়ে তার ওপর হামলা চালান। একপর্যায়ে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন শামসুদ্দিন মাসুদ। তিনি বলেন, শাহীন তাকে আঁচড়িয়ে মেরে ফেলার হুমকি দেন। এতে বাজারে থাকা লোকজন ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন। এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।
মাসুদ আরও বলেন, জায়গা মাপার সময় শাহীন আমিনের সঙ্গে গিয়ে ফিতা ধরেছিলেন এবং আমিন তাকে মজুরি দিয়েছেন। পরে তিনিও শাহীনকে কিছু টাকা দেন। তবে শাহীন তার কাছে ২০ হাজার টাকা দাবি করছেন।
চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহির উদ্দিন বলেন, পাওনা টাকা পাওয়ার বিষয়টি শাহীন তাকে জানিয়েছিলেন। তিনি মাসুদকে বিষয়টি জানিয়ে টাকা দেওয়ার কথা বলতে বলেছিলেন। পরে তিনি শাহীনের ওপর হামলার ঘটনা শুনেছেন।

পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে গুলি করবো: ইসলামী ফ্রন্টের নেতা
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা মোজাম্মেল বহিষ্কার
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম