শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

পা দিয়েই শিক্ষার আলো ছড়ানো সেই দুখু মিয়ার পাশে জেলা প্রশাসক ইসরাত

Icon প্রথম সমাচার ডেস্ক

জন্ম থেকেই দুই হাত নেই। পা দিয়ে লিখে শেষ করেছেন পড়াশোনা। চাকরি না পেয়ে নিজের পৈতৃক জমিতে গড়ে তুলেছেন বিদ্যালয়। সম্প্রতি বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর এবার দুঃখু মিয়ার পাশে দাঁড়িয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

নরসিংদী সদর উপজেলার নাগর পঞ্চদোনায় অবস্থিত ‘প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন’ আজ সোমবার (১২ অক্টোবর) সকালে পরিদর্শন করেন জেলা প্রশাসক।

এ সময় তিনি শিক্ষার্থীদের পাঠদান দেখেন এবং দুঃখু মিয়ার জীবনসংগ্রাম ও বিদ্যালয়ের খোঁজখবর নেন। বিদ্যালয়টিকে উচ্চবিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, আলতাফ হোসেন দুঃখু মিয়া শুধু নরসিংদীর নয়, সারা দেশের গর্ব। নিজের আত্মবিশ্বাস, কর্মস্পৃহা ও অদম্য মনোবল দিয়ে তিনি আজকের অবস্থানে এসেছেন। সামনে এগিয়ে যাওয়ার পথ সুগম করতে তার সরকারি সহায়তা প্রয়োজন। জেলা প্রশাসন ও সরকার তার পাশে থাকবে।

বিদ্যালয়ে সবুজ পরিবেশ গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে ১৪৫ শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক বলেন, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিশুরা গাছগুলো যত্নে বড় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দুঃখু মিয়ার উদ্যোগের প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, তিনি থেমে যাননি, হেরে যাননি। নিজেই এগিয়ে এসেছেন। তার এই উদ্যোগ অন্যদের জন্য বড় অনুপ্রেরণা। সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, বিদ্যালয়টি উচ্চবিদ্যালয়ে রূপান্তর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এটি শুধু একজন ব্যক্তির স্বপ্ন নয়, এর সঙ্গে এলাকার শিশুদের শিক্ষার ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে।পরিদর্শনকালে জেলা প্রশাসকের উদ্যোগে আলতাফ হোসেনকে অনুদান দেওয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ ও গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার, সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক তারিক হোসেন রানা, ইউনিয়ন পরিষদের সচিব লোকমান হোসেনসহ স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৬২ সালে নরসিংদী সদর উপজেলার নগর পাঁচদোনা এলাকায় জন্ম আলতাফ হোসেনের। তার বাবা প্রয়াত তমিজ উদ্দিন। জন্ম থেকেই দুই হাত না থাকায় ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাকে। দাদা আদর ও আক্ষেপ মিশিয়ে তার নাম রেখেছিলেন দুঃখু মিয়া।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com