প্রথম সমাচার ডেস্ক:
ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রথমবারের মতো বিবাহিত পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করেছে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সরকার। সন্তান জন্মের আগে কিংবা জন্মের পর ছয় মাসের মধ্যে এ ছুটি নিতে পারবেন যোগ্য সরকারি কর্মীরা। সন্তান জন্মের সময় মায়ের পাশে থাকা এবং নবজাতকের যত্নে বাবার অংশগ্রহণ বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সরকারি কর্মীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে পিতৃত্বকালীন ছুটি চালুর দাবি জানানো হচ্ছিল। তাঁদের আবেদন বিবেচনায় নিয়ে নতুন এ সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
নতুন নিয়ম অনুযায়ী, বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা সন্তানের সম্ভাব্য জন্মতারিখের আগের ১৫ দিনের মধ্যে অথবা সন্তান জন্মের পর ছয় মাসের যেকোনো সময় ১৫ দিনের ছুটি নিতে পারবেন।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্তান জন্মের সময় মা ও শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে বাবার শারীরিক ও মানসিক সহযোগিতা মায়ের জন্য প্রয়োজনীয়। পাশাপাশি নবজাতকের যত্ন নেওয়ার ক্ষেত্রেও বাবার সক্রিয় ভূমিকা থাকা জরুরি। পিতৃত্বকালীন ছুটি চালুর ফলে পারিবারিক দায়িত্ব ভাগাভাগি এবং শিশুর লালন-পালনে বাবার অংশগ্রহণ বাড়বে বলে আশা করছে সরকার।
তামিলনাড়ুতে নারী সরকারি কর্মীরা আগে থেকেই ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে আসছেন। গত আগস্টে রাজ্য সরকার তৃতীয় সন্তান জন্মের ক্ষেত্রেও নারী সরকারি কর্মীদের জন্য ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটির সুবিধা দেওয়ার ঘোষণা দেয়।
রাজ্যে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ কয়েক ধাপে বাড়ানো হয়েছে। ২০১১ সালে ৯০ দিন থেকে বাড়িয়ে ছয় মাস, ২০১৬ সালে নয় মাস এবং ২০২১ সালের জুলাইয়ে তা ৩৬৫ দিন করা হয়। বিভিন্ন সময়ে ডিএমকে ও এআইএডিএমকে নেতৃত্বাধীন সরকার এসব সিদ্ধান্ত নেয়।
তবে পিতৃত্বকালীন ছুটি চালুর ক্ষেত্রে তামিলনাড়ু ভারতের প্রথম রাজ্য নয়। ওডিশায় ২০১১ সাল থেকেই পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে। পশ্চিমবঙ্গেও যোগ্য পুরুষ সরকারি কর্মীরা ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটি পান।
সরকারের এ সিদ্ধান্তকে কর্মজীবী বাবাদের পারিবারিক দায়িত্ব পালনের সুযোগ বাড়ানোর একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: মূল প্রতিবেদন

নিজ রাজ্যে এবার পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিলেন থালাপতি বিজয়