প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধীদলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বরাদ্দপত্র হস্তান্তর করেন।
সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2) প্রকল্পের আওতায় ৬৫ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের জন্য জনপ্রতি ৩০ লাখ টাকা করে বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। এই অর্থ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করা হবে।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এবং সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বরাদ্দপত্র গ্রহণ করেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এ বিশেষ বরাদ্দের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নে এটি সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
