শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি

প্রথম সমাচার ডেস্ক ০৯ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এক কর্মকর্তার ব্যবহৃত ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের ১৬ তলায় এ ঘটনা ঘটে। চুরি হওয়া ল্যাপটপটি এইচপি ব্র্যান্ডের। এটি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব মো. ইমামুল হাফিজ নাদিম ব্যবহার করতেন।

সূত্র জানায়, দুপুরে একান্ত সচিব তার কক্ষে প্রবেশের কিছু সময় পর টেবিলে রাখা ল্যাপটপটি আর খুঁজে পাওয়া যায়নি। ওই সময় ভবনে বিদ্যুৎ ছিল না এবং কক্ষে বিভিন্ন ব্যক্তির যাতায়াত ছিল। পরে আশপাশে খোঁজাখুঁজি ও তল্লাশি চালিয়েও ল্যাপটপটির সন্ধান মেলেনি।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, খয়েরি রঙের শার্ট ও ছাই রঙের প্যান্ট পরা আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তি একটি কালো ব্যাগ নিয়ে ভবন ত্যাগ করছেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, ওই ব্যাগে চুরি হওয়া ল্যাপটপটি থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

ঘটনার পর ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। একাধিক কর্মকর্তা জানান, ভবনের গুরুত্বপূর্ণ তলাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই এবং দর্শনার্থীদের চলাচলও তুলনামূলকভাবে সহজ, যা নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে।

তাদের ভাষ্য, লিফট থেকে নেমেই অনেক ক্ষেত্রে নিরাপত্তা যাচাই ছাড়াই বিভিন্ন দপ্তরে প্রবেশ করা সম্ভব হয়, যা সংবেদনশীল সরকারি কার্যালয়ের জন্য উদ্বেগজনক।

প্রবাসী কল্যাণ ভবনের নিরাপত্তা ইনচার্জ পিসি আশরাফুল আলম জানান, ঘটনার পরপরই ভবনে অবস্থানরত ব্যক্তিদের ব্যাগ তল্লাশি করা হয়। তিনি বলেন, পুরো ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে মাত্র ২২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন, যা প্রয়োজনের তুলনায় কম।

তিনি আরও বলেন, নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানো হলে ভবনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা সম্ভব হবে।

এদিকে ল্যাপটপ ব্যবহারকারী মো. ইমামুল হাফিজ নাদিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে এ বিষয়ে কথা বলবেন বলে জানান। তবে পরবর্তীতে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...