রাজধানীর মিরপুরে উচ্ছেদ অভিযান চলাকালে অরাজকতা সৃষ্টিকারী, দুষ্কৃতকারী ও অবৈধ দখলদারদের হামলার ঘটনায় কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
তিনি বলেন, প্রয়োজনে আমার মরদেহের ওপর দিয়ে হলেও নগরবাসীর নির্বিঘ্নে ফুটপাতে চলাচলের পথ দখলমুক্ত করা হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেটের সামনের ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চলাকালে সিটি করপোরেশনের পরিবহনকর্মী, পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে নগরবাসীর নির্বিঘ্নে ফুটপাতে হাঁটাচলায় যারা বিঘ্ন সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে এবং নগরবাসীর সুবিধা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে মিরপুর-১০ পরিচালিত আজকের এ অভিযানে ফ্যাসিজমের আমল থেকে ফুটপাত দখলকারীরা ও তাদের দোসরদের ইন্দনে এই হামলা করা হয়েছে। পরবর্তীতে মিরপুরের সাধারণ জনগণের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়।
এই হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে ও পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা করা হবে এবং তদন্ত সাপেক্ষে তাদের দ্রুত গ্রেফতার করা হবে।
তিনি অভিযোগ করেন, আজ পরিকল্পিতভাবে ফ্যাসিজমের দোসরা মসজিদে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রধানমন্ত্রী এবং জনগণের স্বার্থে কোনো ষড়যন্ত্র ও অরাজকতা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না।
প্রশাসক মিরপুরবাসীকে এই উচ্ছেদ অভিযানে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আজকে প্রমাণ হয়েছে মিরপুর এর সাধারণ জনগণ ফুটপাত দখল মুক্ত চান।
আজকের পর যদি কোনো ধরনের, কারো ইন্দনে আবার ফুটপাত দখলের পক্ষে আসে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসক মিরপুরবাসীর নিকট অনুরোধ জানিয়ে বলেন, আমরা গত কয়েকদিন যাবৎ এই উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছি, জনগণের চাহিদা অনুযায়ী কাজ করছি এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব। তাই দায়িত্ববোধ থেকে আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন।
প্রশাসক আরও বলেন, গত পরশুদিন মিরপুর ১০ নম্বর গোল চত্বরের ফুট ওভার ব্রিজের নিচে উচ্ছেদ অভিযান শেষে গাছ লাগিয়ে নাগরিকদের নির্বিঘ্নে চলাচলের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করেছি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনগণের পথ চলাচলের জন্য একই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আপনারা আপনাদের স্বার্থে এই পরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবেন।
প্রশাসক সাংবাদিকদের উপর হামলা প্রসঙ্গে বলেন, যারা সাংবাদিকদের উপর হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসক জানান, মিরপুর জোনের বিভাগীয় উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, কাফরুল ও মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল মো. রাকিবুল হাসান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ইমরুল কায়েসসহ সবাই জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ অভিযানে অংশ নিয়েছেন।
প্রশাসক নগরবাসীর সেবার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের যেসব কর্মকর্তারা প্রতিনিয়ত উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন, তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আপনারা নির্বিঘ্নে ও নির্ভয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন, জনগণ ও আমরা আপনাদের সঙ্গে আছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হকারদের বিষয়ে তিনি বলেন, হকারদের নিয়ে মতবিনিময় ও জনসভা করে আমরা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে হকাররা কেউ ফুটপাতে বসবে না এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে অন্যত্র অস্থায়ী ভিত্তিতে বৈধভাবে তাদের ২০৪ টি রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছিল, কিন্তু কিছুদিন পর তারা তাদের কথা রাখেনি। তাদের কথা তাদের এখানে বসতে হবে, কিন্তু এটা জনগণের চলাচলের পথ। এখানে তাদের বসতে দেওয়া হবে না।

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি মধুপুর পীরের