নওগাঁয় কম্পিউটার ও প্রিন্টারের মাধ্যমে জাল টাকা তৈরির অভিযোগে তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৭ হাজার জাল নোটসহ টাকা তৈরির কাজে ব্যবহৃত উপকরণ জব্দ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ সদর উপজেলার পয়না বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি রোববার রাত ১০টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিশ্চিত করেন।
গ্রেপ্তার তারিকুল ইসলাম মল্লিক পয়না বাজারের আশরাফ আলীর ছেলে। তিনি ওই বাজারে “মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম” নামে একটি দোকান পরিচালনা করতেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, রোববার জেলা গোয়েন্দা শাখার একটি দল নওগাঁ সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পয়না বাজারের একটি দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে “মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম” নামের ওই দোকানে অভিযান চালানো হয়। সেখানে উপস্থিত লোকজনের সামনে তারিকুল ইসলাম মল্লিকের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়। সেইসঙ্গে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করে পুলিশ।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃত তারিকুল ইসলাম মল্লিকের ব্যবহৃত কম্পিউটারের মধ্যে জাল নোট তৈরির তথ্য পাওয়া যায়। এ বিষয়ে তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
