নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলায় জেলার সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলামসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। আহত অন্যরা হলেন- আব্দুল্লাহ সাগর, আরমনা ও কামরুল।
ফতুল্লার বক্তাবলী বাজার এলাকায় আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এনসিপির অভিযোগ, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এ হামলা চালায়।
জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক যুবাইর আহমেদ সর্দার বলেন, ‘বক্তাবলী ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে দলীয় একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সভা শেষে নেতাকর্মীরা এশার নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে বাজারের দিকে যাওয়ার সময় তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।’
তিনি দাবি করেন, হামলায় জেলা এনসিপির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। এ ছাড়া আরো অন্তত দুইজন নেতাকর্মী আহত হয়েছেন। আহত তাওহীদুল ইসলামকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা হালিম আজাদের বক্তব্য পাওয়া যায়নি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

গোপালগঞ্জে পুলিশের সামনেই লাঠিসোঁটা হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল