প্রথম সমাচার ডেস্ক:
পতিত ফ্যাসিবাদী আমলে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয়করণ করে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেছেন, কোনো প্রতিষ্ঠানেই পড়ালেখা হতো না। বছর শেষে অটোপাসের মাধ্যমে গণহারে পাস করে দিত। এখন শিক্ষার দৌড়ে এরা অচল হয়ে পড়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার বিশ্বনাথ সরকারি কলেজ মিলনায়তনে কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকের শিক্ষার্থী ২০ বছর পর তার পড়ালেখা শেষ করে কর্মজীবনে প্রবেশ করবে। তখন তার পৃথিবী কেমন হবে, কী কী প্রয়োজন হবে, সেভাবেই এখন থেকে শিক্ষার্থীদের প্রস্তুত করে গড়ে তুলতে হবে।
তাহসিনা রুশদীর বলেন, বিগত ফ্যাসীবাদী হাসিনা সরকার পার্শ্ববর্তী কোনো দেশের প্ররোচনায় বাংলাদেশ ধ্বংস করায় লিপ্ত ছিল। এতে তারা সফল না হলেও দেশকে অনেক পিছিয়ে দিয়েছে।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে প্রভাষক মো. শাহিনুজ্জামান ও প্রভাষক আনজু আচার্য্যের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিরাজুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুস শহিদ, কলেজের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম।
এতে আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা সুজেল মিয়া, ছাত্রনেতা মেহেদী হাসান মামুন, কলেজের শিক্ষার্থী কামরান আহমদ, সেবুল আহমদ, দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মামুন, নবাগত শিক্ষার্থী সুরভী আক্তার ফারজানা, মাইশা আনজুম রুহি।
সূত্র: মূল প্রতিবেদন

ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন