প্রথম সমাচার ডেস্ক:
দেশের বাইরে অবস্থান করেও ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দীন আহাম্মেদ অপু।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতু-ভাঙ্গা মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। হুইপ মিয়া নুরুদ্দীন আহাম্মেদ অপুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
হুইপ অপু বলেন, গত কয়েক দিন ধরে ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশের ভেতরে ও বাইরে থেকে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে মানুষের মধ্যে আতঙ্ক ও অশান্তি ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা করছে তারা।
তিনি বলেন, যারা এ দেশ থেকে পালিয়ে গেছেন, তাদের শাসনামলে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। শিশু, নারী, বৃদ্ধ, তরুণ শিক্ষার্থী, আলেম-ওলামা ও মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ—কেউই রেহাই পাননি। নৃশংসভাবে মানুষ হত্যা করে তাঁরা দেশ ছেড়ে পালিয়েছেন।
তিনি আরও বলেন, এখন সেই ফ্যাসিস্ট শক্তি প্রতিবেশী একটি দেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে আমরা মনে করি। গত কয়েক সপ্তাহ ধরে দেশে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার অপচেষ্টা চলছে, তার প্রতিবাদ জানাতেই আমাদের এই অবস্থান।
শরীয়তপুরের শান্তিশৃঙ্খলা রক্ষার বিষয়ে হুইপ অপু বলেন, জেলার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটে। পেট্রোল বোমা, গুলিবর্ষণ, ককটেল নিক্ষেপ কিংবা বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে কেউ যেন এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট করতে না পারে।
পদ্মা সেতু এলাকার নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শরীয়তপুর ও পদ্মা সেতু এলাকা শান্তিপূর্ণ রাখতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিরাপদ রাখতে সরকারের সহযোগিতামূলক সব কর্মকাণ্ডে তাঁরা পাশে থাকবেন।
তিনি আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সম্পৃক্ত করতে হবে। দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে; নাগরিক দায়িত্ববোধ থেকেই শরীয়তপুরের সর্বস্তরের মানুষ বিক্ষোভ মিছিলে একত্রিত হয়েছেন।
হুইপ অপু বলেন, আমরা কোনো লকডাউন, শাটডাউন কিংবা সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই, সব শ্রেণি-পেশার মানুষ মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করুক। বাংলাদেশের সব গণতান্ত্রিক ও শান্তিপ্রিয় জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে আমরা প্রস্তুত।
বিক্ষোভ মিছিলে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ এবং সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দিন কালুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: মূল প্রতিবেদন
