বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
Logo
×

বাঁধনের ওপর হামলায় প্রভা-জয়ের নিন্দা

প্রথম সমাচার ডেস্ক ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক পোস্টে তারা ঘটনাটির প্রতিবাদ জানানোর পাশাপাশি দেশে ও বিদেশে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

প্রভা তার ফেসবুক পোস্টে লেখেন, ‘ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের উপরে হামলার তীব্র নিন্দা জানাই।’

অন্যদিকে, বাঁধনের ওপর হামলার প্রসঙ্গ টেনে শিল্পীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন শাহরিয়ার নাজিম জয়। তিনি লিখেছেন, ‘দেশে এবং বিদেশে দলমত নির্বিশেষে সকল শিল্পীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি রইল। মবকে সমর্থন করিনি। কখনো করবও না।’

জয় আরও লেখেন, কোনো সহশিল্পী বিপদে পড়লে তাকে নিয়ে হাসাহাসি না করে পাশে দাঁড়ানো উচিত। তার ভাষায়, ‘আর কোনো শিল্পী বিপদে পড়লে আপনি হাসবেন না। আপনার বেলায় যারা হেসেছিল তারাও অন্যায় করেছিল। কোথাও না কোথাও থামতে হয়।’

পোস্টের শেষাংশে শিল্পীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জয় বলেন, ‘শিল্পীরা ঐক্যবদ্ধ থাকুন। শিল্পীদের ঐক্যবদ্ধ রাখুন।’

ভেনিসে বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে এরই মধ্যে দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দেশের একজন শিল্পী আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় সহকর্মীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন।

প্রভা ও জয়ের বক্তব্যেও উঠে এসেছে একই বার্তা—শিল্পীর রাজনৈতিক পরিচয়, মতাদর্শ বা অবস্থান যা-ই হোক, তার ওপর হামলা বা হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি শিল্পীদের সংকটে পরস্পরের পাশে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার কথাও তারা তুলে ধরেছেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...