প্রথম সমাচার ডেস্ক:
বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ‘একুশে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন।’
তিনি বলেন, ‘মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্যগণ ও দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেন। মুক্তিযুদ্ধে রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে। সশস্ত্র বাহিনীর ইতিহাসেও এটি একটি গুরুত্বপূর্ণ দিন। ফলে এই দিনটিকে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় এবং ঐতিহাসিক ঘটনা।’
তিনি আরও বলেন, ‘নির্ভীক সাহসিকতা, শৌর্য, সংকল্পবদ্ধ শৃঙ্খলা দিয়ে তৈরি জাতির এক গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী। ’৭১-এর রণাঙ্গনে এই বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়।’
সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, ‘আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যগণ অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি বাড়িয়েছে। শান্তিরক্ষায় বিশ্ব দরবারে বাংলাদেশের ভূমিকাকে শক্তিশালী ও প্রশংসনীয় করেছে।’
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সশস্ত্র বাহিনীর এ ভূমিকা অব্যাহত থাকবে। দেশের প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকের সময় বাহিনীর বলিষ্ঠ ভূমিকা তাদের জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র ও সদা তৎপর আধুনিক বাহিনীতে পরিণত করেছিলেন। সশস্ত্র বাহিনীকে সুশিক্ষিত ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার শাসনামলেও সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন অব্যাহত থাকে।
প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নত বিশ্বের সঙ্গে সংগতি রেখে সশস্ত্র বাহিনীকে একটি প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারও বিস্তারিত পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করে চলেছে।’
তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্যবীর্যের প্রতীক। বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি সশস্ত্র বাহিনীর ইমেজ ভূলুণ্ঠিত করতে বিভিন্ন সময়ে অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব এবং জনগণের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাফল্যের যাত্রা অব্যাহত রেখেছে।’
২০২৪ সালের গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধই নয়, ২০২৪ সালে ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ এবং জনগণের পক্ষে ইতিবাচক ভূমিকা রেখেছে।’
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য তারা বিশ্বব্যাপী প্রশংসিত। শান্তিরক্ষী প্রেরণে অন্যতম শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি জাতির জন্য গৌরবের এবং এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠ-সিপাহী মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণ উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
সবশেষে ‘সশস্ত্র বাহিনী দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন তিনি। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী।
সূত্র: মূল প্রতিবেদন

‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি