বাংলাদেশের ৭৯ শতাংশ মানুষ ইসরাইল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক বৈশ্বিক জরিপে এ তথ্য উঠে এসেছে।
‘স্প্রিং ২০২৬ গ্লোবাল অ্যাটিটিউড সার্ভে’ শীর্ষক জরিপে বিশ্বের ৩৬টি দেশের ৪৪ হাজার ৬৫৭ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। জরিপ অনুযায়ী, বাংলাদেশে প্রতি ১০ জনের প্রায় ৮ জন ইসরাইলের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে ইসরাইলবিরোধী মনোভাবে তুরস্ক শীর্ষে রয়েছে। দেশটিতে ৯৭ শতাংশ মানুষ ইসরাইল সম্পর্কে নেতিবাচক মতামত দিয়েছেন। পাকিস্তানে এ হার ৯৫ শতাংশ, মালয়েশিয়ায় ৮৯ শতাংশ এবং ইন্দোনেশিয়ায় ৮৬ শতাংশ।
জরিপে দেখা গেছে, বিশ্বব্যাপী গড়ে ৬৭ শতাংশ মানুষ ইসরাইল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন। বিপরীতে ইতিবাচক মতামত দিয়েছেন মাত্র ২৫ শতাংশ।
অন্যদিকে জরিপভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ইসরাইলবিরোধী মনোভাব দেখা গেছে ভারতে। সেখানে মাত্র ২৮ শতাংশ মানুষ ইসরাইল সম্পর্কে নেতিবাচক মতামত প্রকাশ করেছেন। একই সঙ্গে ৩২ শতাংশ ভারতীয় ইসরাইলের প্রতি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন।
জরিপে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিও ব্যাপক অনাস্থার চিত্র উঠে এসেছে। বাংলাদেশে ৯০ শতাংশ উত্তরদাতা নেতানিয়াহুর নেতৃত্বের ওপর আস্থা নেই বলে জানিয়েছেন। তুরস্কে এ হার ৯৫ শতাংশ, পাকিস্তানে ৯২ শতাংশ এবং মালয়েশিয়ায় ৯১ শতাংশ।
পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে ইসরাইল সম্পর্কে নেতিবাচক মনোভাব আরও বেড়েছে। আগের তথ্য থাকা ২৪টি দেশের মধ্যে ১৩টিতেই ইসরাইলবিরোধী মনোভাব বৃদ্ধির প্রবণতা দেখা গেছে।
বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ভূমিকা নিয়ে বিতর্ক বিশ্বব্যাপী দেশটির প্রতি জনমতকে আরও নেতিবাচক করে তুলেছে।
