শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে অগ্রগতির ধারা এগিয়ে নিতে ওয়াশিংটনে ক্রিস্টেনসেনের আলোচনা

Icon প্রথম সমাচার ডেস্ক

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে চলতি বছরের অগ্রগতি তুলে ধরতে এবং সহযোগিতা আরও এগিয়ে নিতে ওয়াশিংটনে আলোচনা করছেন।

জ্যেষ্ঠ কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলোচনার কথাও জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ফিরে এক ফেসবুক বার্তায় ক্রিস্টেনসেন বলেন, ‘এ বছর যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরছি। সেই অগ্রগতিকে আরও এগিয়ে নিতে এবং এর গতি ধরে রাখতে জ্যেষ্ঠ কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলোচনা করছি।’

এর আগে দক্ষিণ ও মধ্য এশিয়ায় দায়িত্ব পালনরত মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি যান ক্রিস্টেনসেন। গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওই সম্মেলনের আয়োজক ছিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওই সম্মেলনে যুক্ত হন। সেখানে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১টি দেশে দায়িত্ব পালনরত মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানেরা অংশ নেন।ক্রিস্টেনসেন ঠিক এমন সময়ে ওয়াশিংটনে যখন দুই দেশের আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা গুরুত্ব পাচ্ছে।

গত ৭ সেপ্টেম্বর ঢাকায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, মার্কিন বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com