সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Logo
×

বাইরে আভিজাত্য, ভেতরে জীবাণু-রাসায়নিক!

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, দৃষ্টিনন্দন অন্দরসজ্জা, পরিপাটি টেবিল আর খাবারের চড়া দাম। বাইরে থেকে দেখলে মনে হবে, স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা দিতেই এত আয়োজন। পর্যটন নগরী কক্সবাজারে বেড়াতে এসে এমন পরিবেশের রেস্তোরাঁকেই নিরাপদ খাবারের ঠিকানা মনে করেন পর্যটকেরা। রাস্তার পাশের খোলা খাবারের দোকান এড়িয়ে কেউ আশ্রয় নেন নামিদামি হোটেলে, কেউ পরিচিত বেকারি কিংবা সুপারশপে। অথচ সেই আস্থার জায়গাগুলোর ভেতরেই মিলছে ভয়াবহ অনিয়ম। কোথাও কাঁচা মাছ-মাংসের সঙ্গে রাখা হচ্ছে ফলমূল, কোথাও নোংরা কাপড়ে তৈরি হচ্ছে দই, আবার কোথাও খাবারে ব্যবহার হচ্ছে ক্ষতিকর রাসায়নিক। এমনকি কয়েকটি খাবারে পাওয়া গেছে ইকোলাই ব্যাকটেরিয়া।

অর্থাৎ, খাবারের দাম ও পরিবেশে আভিজাত্যের ছাপ থাকলেও নিরাপত্তার বেলায় মিলছে না তার প্রতিফলন। পর্যটকেরা যেখানে নিশ্চিন্তে খাবার খেতে চান, সেখানেই অজান্তে স্বাস্থ্যঝুঁকি নিয়ে ফিরছেন তারা।

গত ১৪ নভেম্বর কক্সবাজার শহরের চারটি প্রতিষ্ঠানে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে বেরিয়ে আসে এমনই একের পর এক অনিয়ম। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়। আর জরিমানা দিতে অস্বীকৃতি ও আদালতের কার্যক্রমে অসহযোগিতার অভিযোগে আরেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়।

আদালতের অভিযানে শহরের ঝাউতলা প্রধান সড়কের জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পাওয়া যায় অপরিচ্ছন্ন পরিবেশ, কীটপতঙ্গের উপস্থিতি এবং একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার সংরক্ষণের চিত্র। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

পাশের স্বপ্ন সুপার শপেও ছিল একই ধরনের অবহেলা। একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে ফল রাখা, অপরিষ্কার চপিং বোর্ড ব্যবহার এবং লেবেল ছাড়া খাদ্যপণ্য সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকেও গুনতে হয় তিন লাখ টাকা।

শহরের পানবাজার সড়কের প্রসিদ্ধ চৌরঙ্গী বেকারির চিত্র ছিল আরও ভয়াবহ। ভাঙা ও পিচ্ছিল মেঝেতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খবরের কাগজে খাবার রাখা, ক্ষতিকর হাইড্রোজ ও ভেজাল ঘি ব্যবহার, ময়লা কাপড়ে দই উৎপাদন এবং খোলা ডাস্টবিনের পাশাপাশি রান্নাঘর ও স্টোররুমের মাঝখানে শৌচাগারের অস্তিত্ব পাওয়া যায়। এসব অপরাধে বেকারিটিকে আট লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, পর্যটনজোনের লাবণী মোড়ের হোটেল কল্লোলের নিচতলার কাসুন্দী রেস্তোরাঁ লিমিটেডে পাওয়া যায় পচা মাছ, বাসি খাবার, মেয়াদোত্তীর্ণ টক দই, অনুমোদনহীন রং ও খোলা ডাস্টবিন। চেরি ফলের নামে করমচা পরিবেশন এবং লেবেলবিহীন খাবার ও আমদানিপণ্য সংরক্ষণের অভিযোগও ছিল। এ প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হলেও তা পরিশোধ না করায় এবং আদালতের কার্যক্রমে অসহযোগিতা করায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

তিন প্রতিষ্ঠান অপরাধ স্বীকার করে মোট ১৪ লাখ টাকা জরিমানা পরিশোধ করেছে। কিন্তু জরিমানার অঙ্কের চেয়ে বড় হয়ে উঠেছে একটি প্রশ্ন, পর্যটকেরা যেসব প্রতিষ্ঠানকে নিরাপদ খাবারের নির্ভরযোগ্য ঠিকানা মনে করেন, সেখানেই যদি এমন অবস্থা থাকে, তবে নিরাপদ খাবারের নিশ্চয়তা মিলবে কোথায়?

খাদ্য নিরাপত্তার সংকট শুধু আদালতের অভিযানে ধরা পড়া চার প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। ভোক্তাদের অভিযোগেও উঠে এসেছে পর্যটন নগরীর খাবার ও খাদ্যপণ্য বিক্রির প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিস্তর অনিয়মের চিত্র।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতি মাসে গড়ে ৪০টি অভিযোগ আসে। বছরে এ সংখ্যা দাঁড়ায় প্রায় ৪৮০। এসব অভিযোগের ৯৫ শতাংশেরও বেশি করেন পর্যটকেরা। শহরের কলাতলীসহ পুরো পর্যটন এলাকার ছোট-বড় রেস্তোরাঁ ও খাদ্যপণ্য বিক্রির দোকানগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

অভিযোগের ধরনও বিচিত্র। কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে, কোথাও প্রতিশ্রুত পণ্যের বদলে দেওয়া হচ্ছে নিম্নমানের পণ্য। আবার কোথাও পরিবেশন করা হচ্ছে বাসি, টক কিংবা পচা খাবার। দেশি মুরগির মাংসের নামে সোনালি মুরগি পরিবেশন এবং পচা শুঁটকি বিক্রির অভিযোগও রয়েছে।

কক্সবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ বলেন, ‘আমি কক্সবাজারে প্রায় আড়াই বছর কর্মরত আছি। এ সময়ে ভোক্তাদের কাছ থেকে হাজারের ওপরে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগকারীদের সিংহভাগই পর্যটক। কক্সবাজারের তারকামানের ও নামিদামি রেস্তোরাঁসহ প্রায় সব খাবারের দোকানের বিরুদ্ধেই প্রতারণা, পচা ও বাসি খাবার পরিবেশন এবং অতিরিক্ত দাম রাখার একাধিক অভিযোগ রয়েছে।’

সরেজমিনে শহরের কলাতলী ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ আবাসিক হোটেলের নিচতলাতেই রয়েছে রেস্তোরাঁ ও ফাস্টফুডের দোকান। সুগন্ধা ও কলাতলী পয়েন্টে রয়েছে প্রায় শতাধিক ফিশ ফ্রাই ও স্ট্রিট ফুডের দোকান। কিন্তু এসব প্রতিষ্ঠানের বড় অংশেই খাবারের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙানো নেই। কোথাও তালিকা থাকলেও তা হালনাগাদ করা হয় না।

রান্নাঘরের পরিবেশেও রয়েছে নানা অসংগতি। খোলা ডাস্টবিন, অপরিচ্ছন্ন মেঝে, অস্বাস্থ্যকর উপায়ে খাবার প্রস্তুত এবং রান্নাঘরের পাশে শৌচাগার থাকার মতো চিত্রও দেখা যায়। তারকামানের রেস্তোরাঁ ছাড়া বেশির ভাগ হোটেলে রান্নায় ব্যবহার করা হচ্ছে পাম অয়েল। খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করা হচ্ছে টেস্টিং সল্ট ও সোডাসহ বিভিন্ন রাসায়নিক।

অথচ এসব খাবার পরিবেশনের সময় ক্রেতাদের জানার সুযোগ থাকে না, কী উপাদানে তৈরি হয়েছে তাদের খাবার, কতক্ষণ আগে রান্না হয়েছে কিংবা কীভাবে সংরক্ষণ করা হয়েছে।

কক্সবাজার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য বলেন, ‘ফিশ ফ্রাইয়ের দোকানগুলোতে পচা মাছ ও অতিরিক্ত পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। পর্যটকদের কাছে জনপ্রিয় আচারের মধ্যেও অতিরিক্ত রাসায়নিক মিলেছে। বেশির ভাগ রান্নাঘর অপরিষ্কার-অপরিচ্ছন্ন। কয়েকটি খাবারের হোটেলে ইকোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতিও পাওয়া গেছে।’

খাবারে ক্ষতিকর রাসায়নিক, পচা মাছ কিংবা জীবাণুর উপস্থিতি কেবল সাময়িক পেটের অসুস্থতার কারণ নয়, দীর্ঘ মেয়াদেও শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। বিশেষজ্ঞদের মতে, খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে অনিয়মের কারণে একদিকে খাদ্যে বিষক্রিয়া তৈরি হয়, অন্যদিকে দীর্ঘমেয়াদি নানা জটিলতার আশঙ্কাও থাকে।

ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার (ইউপিএম) গবেষক ডা. নোবেল কুমার বড়ুয়া বলেন, ‘খাবারে অনিয়মের কারণে স্বল্প ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। ডায়রিয়া, পেটব্যথা, বমি ও জ্বর হতে পারে। কিডনি বিকল হওয়ার ঝুঁকি দেখা দিতে পারে।’

তিনি জানান, পচা বা অনুপযুক্তভাবে সংরক্ষিত মাছ খেলে খাদ্যে বিষক্রিয়ার পাশাপাশি শরীরে হিস্টামিন তৈরি হতে পারে। এতে ত্বকে অ্যালার্জি, শ্বাসকষ্ট ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। পোড়া তেলে ভাজা খাবার দীর্ঘ মেয়াদে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে খাবারে হাইড্রোজের ব্যবহার পেটে অস্বস্তি, জ্বালাপোড়া ও শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরি করতে পারে।

সংশ্লিষ্টদের মতে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার নিয়মিত ও কার্যকর তদারকির ঘাটতিই অনিয়মকে দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ করে দিয়েছে। মাঝেমধ্যে অভিযান পরিচালিত হলেও প্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন কার্যক্রমে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে, তা নিশ্চিত করার ব্যবস্থা দুর্বল।

অভিযান পরিচালিত হলেই অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে নামেন। কখনো প্রতিষ্ঠান বন্ধ রেখে পর্যটক ও সাধারণ মানুষের ভোগান্তি তৈরি করেন। ফলে নিরাপদ খাদ্য নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়টি অনেক সময় অভিযান ও প্রতিবাদের পাল্টাপাল্টি অবস্থানে আটকে যায়।

কক্সবাজার হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল বলেন, ‘অভিযান নিয়মিত হওয়া দরকার, তবে শুধু অভিযানে সীমাবদ্ধ থাকলে চলবে না। পর্যটন খাত সম্প্রসারণে ওয়ান-স্টপ সার্ভিস চালু ও ব্যবসায়ীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এরপরও যারা নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিলেই কেবল নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে।’

তবে ব্যবসায়ীদের প্রশিক্ষণের দাবির পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ পরিচালনার মৌলিক যোগ্যতা ও দায়বদ্ধতার বিষয়টিও সামনে এসেছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের হোটেল ও রেস্তোরাঁ সেলের সহকারী নিয়ন্ত্রক (উপসচিব) মো. মিনহাজউল ইসলাম বলেন, ‘তিন তারকা থেকে শুরু করে এর ওপরের মানের কোনো হোটেল-রেস্তোরাঁর অনুমোদন নিতে হলে প্রথমেই কর্মকর্তা থেকে শুরু করে সব কর্মচারীকে প্রশিক্ষণ দিতে হয়। সেই প্রশিক্ষণের সনদ জমা দিয়েই কেবল অনুমোদন মেলে, নইলে মেলে না।’

কক্সবাজার সিটি কলেজের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মঈনুল হাসান পলাশ অবশ্য ব্যবসায়ীদের প্রশিক্ষণের দাবিকে যথেষ্ট মনে করছেন না।

তার ভাষ্য, ‘ব্যবসায়ীরা যে প্রশিক্ষণের কথা বলছেন, তা হচ্ছে ভাওতাবাজি। খাবার তৈরির নিয়ম না জেনে প্রতিষ্ঠান দিয়ে থাকলে এটি অপরাধ। এর জন্যই আগে তাদের শাস্তি হওয়া দরকার।’

এদিকে পর্যটন করপোরেশন কক্সবাজারের ম্যানেজার রায়হান উদ্দিন জানান, ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় ইতিমধ্যে লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টের স্ট্রিট ফুড বিক্রেতাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারকামানের রেস্তোরাঁসহ শহরের নামিদামি খাবারের দোকানগুলোকেও প্রশিক্ষণ দিয়েছে ট্যুরিজম বোর্ড।

কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মু. রোকন উদ্দিন বলেন, ‘পূর্বঘোষণা ছাড়াই শহরের খাদ্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। বিশেষ করে তারকামানের হোটেল ও নামিদামি রেস্তোরাঁয় অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে আদালত।’

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, ‘প্রশাসন, ভোক্তা অধিকার ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়মিত তদারকি চলে, তাই সবশেষ কবে অভিযান হয়েছে তা নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে দেড় সপ্তাহ আগে আমি নিজেও কলাতলী সৈকতের ফিশ ফ্রাইয়ের দোকানগুলো পরিদর্শন করেছি। আইনি বাধ্যবাধকতা অনুযায়ী দোকানে হালনাগাদ মূল্য তালিকা না থাকলে মোবাইল কোর্টে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজারের পর্যটন অর্থনীতি দাঁড়িয়ে আছে পর্যটকদের আস্থা, আতিথেয়তা ও নিরাপদ ভ্রমণের প্রতিশ্রুতির ওপর। কিন্তু সেই পর্যটকের খাবারের নিরাপত্তাই যদি নিশ্চিত করা না যায়, তবে শুধু সৈকতের সৌন্দর্য কিংবা পাঁচ তারকা হোটেলের চাকচিক্য দিয়ে পর্যটন নগরীর ভাবমূর্তি রক্ষা করা কঠিন। এক দিনের অভিযান কিংবা কয়েক লাখ টাকার জরিমানা নয়, প্রয়োজন বছরজুড়ে নজরদারি, নিয়মিত খাদ্য পরীক্ষা এবং অপরাধের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দৃশ্যমান জবাবদিহি। নইলে কক্সবাজারে বেড়াতে এসে নিরাপদ খাবারের খোঁজে নামিদামি রেস্তোরাঁয় প্রবেশ করেও পর্যটকদের ফিরতে হবে স্বাস্থ্যঝুঁকি নিয়ে। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com