কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে আগুন লেগে ঘর পুড়ে গেছে এবং তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
তিনি বলেন, বুধবার রাত পৌনে ১২টার দিকে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা আহত হয়েছেন।
যোগাযোগ করা হলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘যে ঘরে আগুন দেওয়া হয়েছে সেটি গরু রাখার একটি ঘর। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। ওই ঘরের মধ্যে গরু ছিল, সেগুলো নিরাপদে বের করে নেওয়া হয়েছে।’
এদিকে, রাতে এনসিপির মিডিয়া সেলের পক্ষ থেকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলা হয়, দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী সন্ত্রাসীরা।
এ বিষয়ে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত জানান, তাদের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি মধুপুর পীরের