আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, পরিবারতান্ত্রিক নেতৃত্ব ও বুর্জোয়া শ্রেণিচরিত্রে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। তিনি বলেন, জনগণ দুর্নীতি, দলীয়করণ, সন্ত্রাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো বিষয়গুলো দিয়ে দুই দলের শাসনব্যবস্থার পার্থক্য মূল্যায়ন করবে।
শুক্রবার বিকেলে ফেনীতে এবি পার্টির এক রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের মিজান রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় জেলা ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, গণ-অভ্যুত্থানের পরও যদি মানুষ বাস্তব পরিবর্তন না দেখে, তাহলে নতুন রাজনৈতিক বিকল্পের প্রতি আগ্রহ আরও বাড়বে। তিনি দাবি করেন, পুরোনো রাজনৈতিক ব্যবস্থার কারণে নতুন দলগুলোর জন্য শক্ত অবস্থান তৈরি করা কঠিন হয়ে পড়েছে।
সংস্কারের প্রসঙ্গ তুলে এবি পার্টির চেয়ারম্যান বলেন, তাদের দল নির্বাচন পিছিয়ে সংস্কার চেয়েছিল, কিন্তু বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। তাঁর ভাষ্য, বর্তমান ব্যবস্থায় পুরোনো দলগুলোই বেশি সুবিধা পায়।
কর্মশালায় আরও বক্তব্য দেন এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম, জেলা আহ্বায়ক আহসান উল্লাহসহ স্থানীয় নেতারা।
