শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Logo
×

বিএনপি মাঠে নামলে পালানোর পথ পাবে না: বিরোধী দলকে মির্জা আব্বাস

Icon প্রথম সমাচার ডেস্ক

সরকার ও বিএনপিকে তথাকথিত বিরোধী দল বিব্রত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

তিনি বলেন, অনেকেই অনেক কিছু ভাবছেন। কিন্তু বিএনপি এখনো মাঠে নামে নাই। বিএনপি মাঠে নামলে কিন্তু পালানোর পথ পাবে না।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহজাদপুরে ঢাকা-৮ সংসদীয় এলাকার শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, শাহবাগ ও রমনা থানা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, দেশ স্বাধীন হওয়ার পর এত বছর পেরিয়ে গেলেও এখনো কোমর সোজা করে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। তাই আসুন অযথা বিরোধিতা না করে সবাই ঐক্যবদ্ধভাবে দেশটা গড়ে তুলি। সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করুন।

জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এক শ্রেণির লোক নিজেদের কোমরে জোর না পেয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার চেষ্টা করছে। দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে কোনো বাধা নেই, আপনারা রাজনীতি করুন। কিন্তু অপকর্ম করলে বিএনপি নেতাকর্মীরা হাত গুটিয়ে বসে দেখবে না, শক্ত হাতে প্রতিহত করবে।

ভারত থেকে কিছু আওয়ামী লীগ নেতার ফিরে আসার প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, আমরা শুনছি আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে এসে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। আর বিএনপির ভেতরের কিছু লোভী মানুষ টাকার লোভে তাদের আশ্রয় দিচ্ছে। আমাদের সাফ কথা, কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগের দোসর বা শত্রুপক্ষের মিত্রদের সঙ্গে আঁতাতকারীদের বিএনপিতে কোনো স্থান হবে না। এদের একযোগে প্রতিহত করতে হবে। ক্ষমতায় আসার পর অনেকে গায়ের রং বদলিয়ে বিএনপি সেজেছেন, তাদেরও কোনো ছাড় দেওয়া হবে না।

সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম প্রমুখ।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com