বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Logo
×

বিজয়নগর সীমান্তে বিজিবির অভিযানে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির ধাওয়া খেয়ে এক ব্যক্তি ইয়াবার প্যাকেট ফেলে পালিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ভাগলপুর এলাকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধীনস্থ আলীনগর বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০১৪/৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাগলপুর এলাকায় অবস্থান নেয় বিজিবির টহলদল। এ সময় ভারত থেকে বাংলাদেশের দিকে আসা এক ব্যক্তিকে গামছায় মোড়ানো দুটি প্যাকেট হাতে দেখতে পেয়ে তাকে ধাওয়া করেন বিজিবি সদস্যরা। একপর্যায়ে ওই ব্যক্তি প্যাকেট দুটি ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া প্যাকেট দুটি তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।

জব্দ করা ইয়াবার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। পরবর্তী সময়ে ধ্বংসের উদ্দেশ্যে উদ্ধার করা মাদক ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত এলাকায় “সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদকের অনুপ্রবেশ ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সবসময় দৃঢ়প্রতিজ্ঞ।”

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com